টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত, জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিনের অবিরাম বর্ষণে দেশের বিভিন্ন স্থানে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সড়কসহ নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় শত শত পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। জলাবদ্ধতার কারণে দেখা দিয়েছে ফসলহানির আশঙ্কা। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:সিরাজগঞ্জ: শহরের গোসালা, আমলাপাড়া ও সয়াধানগড়া এলাকার সড়ক পানিতে নিমজ্জিত হওয়ায় শত শত মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। থেমে থেমে বৃষ্টি হওয়ায় জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। শহরের রাস্তাঘাট-বাসস্ট্যান্ডে যাত্রীদের আনাগোনা নেই বললেই চলে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি চার সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সিরাজগঞ্জ পয়েন্টে বিপৎসীমার সাত সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ঢল ও বৃষ্টির পানিতে নয়টি উপজেলায় আমনের জমি পানিতে তলিয়ে গেছে। বেসরকারি হিসাবে প্রায় তিন হাজার হেক্টর জমির আমন ধানের চারা পানিতে নিমজ্জিত হয়েছে। সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক দুলাল কৃষ্ণ সাহা জানান, মোট ২০ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে এ পর্যন্ত এক হাজার ৬০০ হেক্টর জমির চারা পানিতে নিমজ্জিত হয়েছে। জমি থেকে পানি বের করার ব্যবস্থা করা হচ্ছে।বগুড়া: টানা বর্ষণে বগুড়া শহরজুড়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। অধিকাংশ সড়কে হাঁটু থেকে কোমরপানি। নর্দমার ময়লা পানির সঙ্গে বৃষ্টির পানি একাকার হয়ে গেছে। অনেক পুকুর ভরে গিয়ে মাছ বেরিয়ে গেছে। আর এ সুযোগে মাছ ধরার প্রতিযোগিতা চলছে। এদিকে সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার যমুনা নদীর তীরবর্তী এলাকার নিম্নাঞ্চল প্রবল বর্ষণ ও যমুনা নদীর পানি বৃদ্ধির ফলে প্লাবিত হয়েছে।দুপচাঁচিয়া (বগুড়া): কয়েক দিনের টানা বর্ষণে উপজেলার নিচু এলাকার ধানের খেত ডুবে গেছে। সদ্য রোপণ করা আমনের চারা পানিতে তলিয়ে গেছে। ভ্যানলা গ্রামের কৃষক নজরুল ইসলাম জানান, এবার মৌসুমের শুরুতে বৃষ্টিই ছিল না। কয়েক দিনের টানা বর্ষণে তাঁদের সদ্য লাগানো প্রায় ২০-২৫ বিঘা জমির ফসল তলিয়ে গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা তাহেরুল ইসলাম জানান, অবস্থা অপরিবর্তিত থাকলে এলাকার অনেক জমির ফসলই ডুবে যাবে। এতে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার উত্তর-পশ্চিম দিক হয়ে চলে যাওয়া ইরামতী ও গোবর্ধনখাড়ির পানি উপচে পড়ায় ফসলি জমি তলিয়ে গেছে। নিচু অঞ্চলগুলোর মধ্যে তালোড়া ইউনিয়নের মেঘা, দুবড়া, দেবখণ্ড, কঞ্চিগাড়ী; গোবিন্দপুরের ইউনিয়নের বেলোহালী, খিহালী, গোবিন্দপুর, ভুঁইপুর; জিয়ানগর ইউনিয়নের খলিশ্বর, বড়িয়া, বিশা, ভ্যানলা; সদর ইউনিয়নের যুগীপোথা, নিমাইকোলা ও চামরুল ইউনিয়নের বাঁকাদহ এলাকার ফসল পানিতে তলিয়ে গেছে। এতে প্রায় ৫০০ হেক্টর জমির ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।