টানা বর্ষণে জলাবদ্ধতা
টানা তিন দিনের বৃষ্টিপাতে নোয়াখালী শহরে ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে। প্রধান সড়ক ছাড়া শহরের বেশির ভাগ সড়কই জলমগ্ন হয়ে পড়েছে। এতে সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছে শহরের বাসিন্দারা। স্থানীয় লোকজন জানান, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার অভাবে ও পানিনিষ্কাশনের নালাগুলো ভরাট হয়ে যাওয়ায় টানা বৃষ্টিপাত হলেই শহরে জলাবদ্ধতা দেখা দেয়। সরেজমিনে দেখা গেছে, জেলা প্রশাসকের কার্যালয় ও জজকোর্টের সামনের সড়ক, বড় মসজিদ সড়ক এবং মাস্টারপাড়া, মাইজদী বাজার, দত্তেরহাট, কাজি কলোনি, হরিনারায়ণপুর, সরকারি আবাসিক এলাকার প্রায় সব সড়কই জলমগ্ন। পানি উঠেছে অনেক বাসা-বাড়ির আঙিনাতেও। রাস্তাঘাট ডুবে যাওয়ায় শহরবাসী চরম ভোগান্তির শিকার হচ্ছে। শহরের হরিনারায়ণপুর এলাকার বাসিন্দা মোস্তফা কামাল বলেন, ‘শহরে ড্রেনেজ ব্যবস্থা বলতে কিছু নেই। সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়।’জেলা জজ আদালতে মামলার কাজে আসা সোনাইমুড়ীর বাসিন্দা আমির হোসেন বলেন, ‘আদালতের সামনের সড়কে ড্রেনের পানি উপচে বৃষ্টির পানির সঙ্গে একাকার হয়ে আছে। হাঁটু পরিমাণ পানি ভেঙে আদালতে ঢুকতে হয়। অবস্থা দেখে মনে হয় এসব দেখার কেউ নেই।’ নোয়াখালী জিলা স্কুলের ছাত্র মো. রাফি জানায়, সড়কে পানি হওয়ায় রিকশাচালকেরাও দ্বিগুণ ভাড়া হাঁকান। তাই বাধ্য হয়ে জামে মসজিদ সড়কের ময়লা-আবর্জনাযুক্ত পানি মাড়িয়ে স্কুলে যেতে হয়। পৌরসভা সূত্র জানায়, নোয়াখালী পৌরসভার পানিনিষ্কাশনের নর্দমা ও খালগুলোর বেশির ভাগই ভরাট হয়ে গেছে। চলতি বছর ২০ কোটি টাকা ব্যয়ে নর্দমা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। কাজ শেষ হলে জলাবদ্ধতার সমস্যা কমে যাবে। মেয়র হারুনুর রশীদ আজাদ বলেন, ‘১৪০ বছরের পুরাতন পৌরসভাটির জলাবদ্ধতার সমস্যা উন্নয়নে এরই মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধান সড়কের পাশে নর্দমা নির্মাণের কাজ এরই মধ্যে ৭০ ভাগ শেষ হয়েছে।’