টানা বর্ষণে জলাবদ্ধতা, দুর্ভোগে মানুষ

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় প্রবল বর্ষণে জলাবদ্ধতা ও যানজটে চরম দুর্ভোগে পড়েছে মানুষ। ঢাকার কয়েকটি প্রধান সড়কে পানি জমে যাওয়ায় সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। এ ছাড়া কোনো কোনো রাস্তায় বড় গর্ত থাকায় যানবাহনও চলছে ঝুঁকি নিয়ে।
আবহাওয়া অফিস জানায়, আজ শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৫২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর ফলে বৃষ্টিতে রাজধানীর প্রধান সড়কগুলোতে পানি জমে যায়। বিভিন্ন রুটে বাস, মিনিবাস ও ছোট যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ কারণে অফিসগামী লোকজন যানবাহনের অভাবে আটকা পড়েন। অনেকে যানবাহনের মধ্যে ঠায় বসে থাকেন। ফলে তাঁরা সঠিক সময়ে অফিসে পৌঁছাতে পারেননি।
মিরপুর থেকে মতিঝিলে যাচ্ছিলেন আপেল মাহমুদ। তিনি প্রথম আলোকে বলেন, ‘বৃষ্টির কারণে মতিঝিল পৌঁছাতে আমার তিন ঘণ্টা লেগেছে। মেইন রাস্তায় পানি না থাকলেও অলিগলিতে হাঁটু সমান পানি। পানি থেকে তীব্র গন্ধ বের হচ্ছে। কারণ কোথাও কোথাও ম্যানহোল থেকেও পানি উঠছে।’ তিনি জানান, মিরপুর সাড়ে ১১ থেকে ১০ নম্বর পর্যন্ত রাস্তায় হাঁটুপানি।
সংবাদ সংস্থা বাসস জানায়, রামপুরা, বাড্ডা, শান্তিনগর, শাহজাহানপুর, মালিবাগ, মৌচাক, মতিঝিল, বংশাল, গ্রিনরোড, যাত্রাবাড়ী, গুলশান, বনানী, আসাদ গেট, মোহাম্মদপুর, পল্টন, নিউমার্কেট ও ধানমন্ডি এলাকার অনেক জায়গার রাস্তাঘাট হাঁটু পরিমাণ পানিতে তলিয়ে গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে পানি কমে যাচ্ছে। ফলে এসব এলাকায় রিকশাতেও সড়কগুলোতে চলাচল করা কঠিন হয়ে পড়েছে।
এদিকে সংস্কারের অভাবে রাজপথ থেকে অলিগলি সবখানেই রাস্তার বেহাল দশা। মগবাজার, মালিবাগ, মৌচাক এলাকায় ফ্লাইওভারের কাজ চলায় রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও ভ্যানচালকেরা যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া দাবি করছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের উপকূলীয় এলাকায় ঝড়বৃষ্টি অব্যাহত থাকবে। একই সঙ্গে চট্টগ্রাম, খুলনা, মংলাসহ সব সমুদ্রবন্দর এবং উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্কতা সংকেতও বহাল থাকবে।