টানা বর্ষণে তিন হাজার হেক্টরের ফসল নিমজ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে ৪৮ ঘণ্টার টানা বর্ষণে জেলা শহরসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলার নয়টি উপজেলার প্রায় তিন হাজার হেক্টরের বেশি জমির ফসল পানিতে নিমজ্জিত হয়েছে। বর্ষণ অব্যাহত থাকলে এবং দ্রুত পানি নেমে না গেলে, এসব জমির ফসল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ বিশেষজ্ঞ সুখেন্দু শেখর মালাকার বলেন, গত ৪৮ ঘণ্টায় জেলায় ৬৯৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এতে জেলার নয়টি উপজেলায় তিন হাজার ৯৬ হেক্টর রোপা আমন, ৭০ হেক্টর পানের বরজ ও আরও দেড় শ হেক্টর জমির শসা, করলা, বরবটি, লাউ, ঝিঙেসহ অন্যান্য ফসল পানিতে নিমজ্জিত হয়েছে। এসব জমি থেকে পানি দ্রুত নেমে না গেলে ফসল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে টানা বর্ষণে বাগেরহাট শহরের মিঠাপুকুরপাড়, মডেল থানা, মেইন রোড, বাসাবাটি, সাহাপাড়া ও সরুই এলাকার রাস্তাঘাটে জলাবদ্ধতা দেখা দিয়েছে। অনেক ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে। ফলে ব্যাপক দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকাবাসী। পরিকল্পিত পানি নিষ্কাশনব্যবস্থা না থাকায় এসব এলাকা অল্প বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে পড়ে বলে স্থানীয় বাসিন্দারা জানান। নাম প্রকাশ না করার শর্তে এসব এলাকার একাধিক বাসিন্দা অভিযোগ করেন, পৌরসভার অধিকাংশ নালা অপ্রশস্ত হওয়ায় একটু বৃষ্টি হলেই রাস্তাঘাট জলাবদ্ধ হয়ে পড়ে। এ সমস্যা দীর্ঘদিনের। বিষয়টি জানার পরও পৌর কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বলেন, থানা কম্পাউন্ডের ভেতরে হাঁটু পানি জমেছে। এ কারণে থানা থেকে বের হওয়া যাচ্ছে না। বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান বলেন, টানা বর্ষণে পৌরসভার কিছু নিচু এলাকা জলাবদ্ধ হয়েছে। বৃষ্টি কমে গেলে পানি নেমে যাবে। জেলা মৎস্য কর্মকর্তা নারায়ণ চন্দ্র মণ্ডল বলেন, টানা বর্ষণে জেলার কোথাও চিংড়িঘের প্লাবিত হওয়ার সংবাদ পাওয়া যায়নি। তবে বৃষ্টি অব্যাহত থাকলে জেলার চিংড়িঘেরগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। খুলনায় জনজীবন স্থবির: খুলনা প্রতিনিধি জানান, গত দুই দিনের টানা বর্ষণে জেলার জনজীবন থমকে পড়েছে। অধিকাংশ মানুষ ঘর থেকে বের হতে পারছে না। নগরের নিচু এলাকার বেশ কয়েকটি সড়ক ও অধিকাংশ নালা সম্পূর্ণ তলিয়ে গেছে। খুলনা আবহাওয়া অফিস থেকে জানা গেছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া মৌসুমি লঘুচাপটি এখন সাগর থেকে ভূমিতে চলে এসেছে। বর্তমানে তা ভারতের মধ্যপ্রদেশে অবস্থান করছে। লঘুচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত রয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টা পর্যন্ত ১৪৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগামীকাল (আজ বৃহস্পতিবার) বিকেল থেকে অবস্থার উন্নতি হতে পারে।