টানা বর্ষণে দুই হাজার হেক্টর আমন খেত পানির নিচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ দিনের টানা বর্ষণে নাটোরের চার উপজেলার দুই হাজার হেক্টর জমির বোনা আমন ধান পানিতে ডুবে গেছে। পানিনিষ্কাশনের দ্রুত ব্যবস্থা না নিলে এসব ধান নষ্ট হয়ে যাবে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
জেলা কৃষি কার্যালয় থেকে জানা গেছে, গত সোমবার থেকে জেলার সব কটি উপজেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। গড়ে প্রতিদিন ২০ মিলিমিটারের ওপরে বৃষ্টি হয়েছে। এতে বড়াইগ্রাম, গুরুদাসপুর, সিংড়া ও সদর উপজেলার নিচু এলাকা ডুবে গেছে। প্রাথমিক হিসেবে এই চার উপজেলার দুই হাজার হেক্টর জমির রোপা আমন ধান সম্পূর্ণ পানিতে ডুবে গেছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বড়াইগ্রামের সাতইল, মানিকপুর, কৈ-খোলা ও শ্রীরামপুর এলাকায়।
বড়াইগ্রামের অতিরিক্ত কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান জানান, উপজেলায় এবার পাঁচ হাজার ১০ হেক্টর জমিতে আমনের চাষ হয়েছে। এর মধ্যে বৃষ্টিতে ৪৫০ হেক্টর জমির ধান সম্পূর্ণ এবং ৭২০ হেক্টর জমির ধান আংশিক ডুবে গেছে।
সাতইল গ্রামের চাষি মাহতাব আলী বলেন, ‘সাতইল বিলের অধিকাংশ জমিতে বছরে একবার ফসল ফলে। কয়েক দিনের বৃষ্টিতে সেই ফসলও ডুবে নষ্ট হচ্ছে। আমার ১৫ একর জমির রোপা আমন সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এতে খরচ করা দেড় লাখ টাকা গচ্চা গেল।’
ইন্দ্রাপাড়া গ্রামের চাষি শফিকুল ইসলাম বলেন, ‘কৈ-খোলা বিলে চার একর জমিতে আমি বোনা আমনের চাষ করিছিনু। ধান তো সব ডুবি গিছে। এখন ছ্যালিপ্যালিকে কী খাওয়াব?’
সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুব্রত কুমার সরকার বলেন, টানা বর্ষণে চলনবিলের অধিকাংশ জমিতে পানি উঠেছে। তবে শেরকোল এলাকার বোনা আমনের ক্ষতি বেশি হয়েছে। এ উপজেলায় ৩৪০ হেক্টর জমির আমন ধান পানিতে ডুবে গেছে।
গুরুদাসপুর ও সদর উপজেলা কৃষি কার্যালয় থেকে জানা গেছে, বৃষ্টিতে এই দুই উপজেলায় প্রায় ৫০০ হেক্টর জমির ধান পানিতে ডুবে গেছে।
জেলা কৃষি বিভাগের উপপরিচালক এম রহমতউল্লাহ জানান, বৃষ্টি অব্যাহত রয়েছে। এসব ধান ৭ থেকে ১০ দিন ধান পানিতে ডুবে থাকলে নষ্ট হয়ে যাবে। এতে এই অঞ্চলের কৃষকদের কোটি কোটি টাকার লোকসান হবে। পানিনিষ্কাশনের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এলাকার খালগুলোর সংস্কার করতে হবে।