টানা বর্ষণে নবাবগঞ্জ ও দোহারে ফসলেরক্ষত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ দিনের টানা বর্ষণে ঢাকার দোহার ও নবাবগঞ্জে কৃষিজমি প্লাবিত হয়ে প্রায় ১৫ হাজার হেক্টর জমির ধান ও বাদাম বিনষ্ট হয়েছে। এ ছাড়া অন্যান্য ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় কৃষকেরা এ কথা জানান।

স্থানীয় কৃষকেরা জানান, কয়েক দিনের টানা বর্ষণে দোহার ও নবাবগঞ্জ উপজেলার আড়িয়ল বিল, কৈলাইল, মাইলাইল, শোল্লা, গালিমপুর, কিরিঞ্চি, হরিশ্কুল, নলগোড়া ও শৈল্লাসহ বিভিন্ন এলাকার প্রায় ১৫ হাজার হেক্টর জমির বোরো ধানসহ অন্যান্য ফসল পানিতে তলিয়ে গেছে। দমকা হাওয়ায় ধানের শিষ নুয়ে পড়েছে। ধান কাটার জন্য মিলছে না কৃষিশ্রমিক। এই পরিস্থিতিতে কৃষকেরা পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন নিয়ে ধান কেটে আনার চেষ্টা করছেন। এদিকে জমি থেকে কেটে আনা ধান বৃষ্টিতে ভিজে অঙ্কুরিত হয়ে নষ্ট হয়ে যাচ্ছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নবাবগঞ্জে নয় হাজার হেক্টর ও দোহারে ছয় হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে।

টাঙ্গাইল থেকে আড়িয়ল বিলে ধান কাটতে আসা কৃষিশ্রমিক জাহাঙ্গীর বললেন, আকাশ খারাপ হওয়ায় তিন দিন ধরে তিনি ধান কাটার কাজ করছেন না। বৃষ্টিতে ভিজে ধান কাটলে শরীর খারাপ হতে পারে।

নবাবগঞ্জের দক্ষিণ শোল্লা গ্রামের কৃষক আশ্রাব আলী বলেন, তিনি এ বছর চার বিঘা জমিতে বোরো ধানের চাষ করেছেন। ধান কাটার সপ্তাহ খানেক বাকি। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে জমির ধান নুয়ে পড়েছে। জমিতে পানি জমে গেছে।

এদিকে দোহারের মুকসুদপুর, নারিশা, চর বিলাশপুর, রানীপুর, চর মাহমুদপুর, চর পুরুলিয়া ও পুরুলিয়াসহ পদ্মা নদীর তীরবর্তী চরাঞ্চল বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে। এতে বাদাম ও পাকা ধান পানির নিচে তলিয়ে গেছে। এ ছাড়া গাছের গোড়ায় পানি জমে বেগুন, মরিচ, শসা, ঢ্যাঁড়স ও করল্লার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

দোহারের চর মাহমুদপুর গ্রামের কৃষক শফিউদ্দিন বলেন, তিনি আট বিঘা জমিতে বাদাম চাষ করেছিলেন। কিন্তু বাদামখেত পানিতে ডুবে গেছে।

নবাবগঞ্জ কৃষি কার্যালয় সূত্র জানায়, এ বছর ১০ হাজার ৩৫০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষয়ক্ষতি নিরূপণ করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী বলেন, ক্ষয়ক্ষতির প্রতিবেদন পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।