টানা বর্ষণে বন্দরে বহির্নোঙরে পণ্য খালাস ব্যাহত
টানা বর্ষণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা ২২টি পণ্যবাহী জাহাজ থেকে পণ্য খালাস ব্যাহত হচ্ছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বহির্নোঙর থেকে কোনো জাহাজ জেটিতে ভিড়তে পারেনি, পণ্যবাহী কোনো জাহাজ বন্দর ছেড়েও যেতে পারেনি।
বন্দর কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল শনিবার চারটি পণ্যবাহী জাহাজ বহির্নোঙর থেকে জেটিতে ভেড়ার কথা ছিল। আর রপ্তানি পণ্যবাহী তিনটি জাহাজের বন্দর ছেড়ে যাওয়ার কথা। কিন্তু দুদিনের টানা বর্ষণের কারণে কোনো জাহাজই চলাচল করতে পারেনি। বন্দরসূত্রে জানা গেছে, শুক্রবার থেকেই বহির্নোঙরে থাকা বড় জাহাজগুলো থেকে ছোট জাহাজে (লাইটারেজ জাহাজ) পণ্য ওঠানামা বন্ধ রয়েছে।
লাইটারেজ জাহাজ চলাচল নিয়ন্ত্রণকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেলের নির্বাহী পরিচালক মাহবুব রশীদ প্রথম আলোকে বলেন, বড় জাহাজ থেকে পণ্য খালাসের জন্য গত দুদিন (শুক্র ও শনিবার) মোট ৪০টি লাইটারেজ জাহাজ বরাদ্দ দেওয়া হয়েছিল কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সবগুলো জাহাজ কর্ণফুলী নদীতে নোঙর করে আছে, একটিও সাগরে যেতে পারেনি।