টানা বর্ষণে বরিশাল নগরে জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা বর্ষণে বরিশাল নগরের অধিকাংশ এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত। রাস্তা ডুবে নগরের শিল্পপ্রতিষ্ঠানসহ একাধিক বাড়ির নিচতলায় পানি ঢুকে পড়েছে। অপরিকল্পিত নিষ্কাশনব্যবস্থার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।সরেজমিনে দেখা গেছে, নগরের বগুড়া রোডে অবস্থিত ওষুধশিল্প প্রতিষ্ঠান অপসোনিন কেমিক্যালের ভবনে পানি ঢুকে পড়েছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে বালুর বস্তা দিয়ে কোনোমতে ঠেকানোর চেষ্টা চলছে। ওই প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা বলেন, অপরিকল্পিত নিষ্কাশনব্যবস্থার কারণে বর্ষার পানি প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে পড়ছে। একই অবস্থা নগরের বগুড়া রোড, সদর রোড, মুন্সি গ্যারেজ, মাঈনুল ইসলাম সড়ক, বাংলাদেশ ব্যাংক সড়ক, আমানতগঞ্জ, পলাশপুরসহ নগরের নিম্নাঞ্চলের।নগরবাসীর অভিযোগ, নগরের বড় বড় খাল ভরাট করে দুই ফুট চওড়া পয়োনালা করা এবং পয়োনালার পানির আউটলেট যথাযথভাবে না করার কারণে সামান্য বৃষ্টি হলেই নগর প্লাবিত হয়ে যায়। খালগুলো উদ্ধার, সংরক্ষণ ও সংস্কার করতে পারলে আজকে এ অবস্থার সৃষ্টি হতো না। বরিশাল সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক মানবেন্দ্র বটব্যাল বলেন, খাল ভরাট করে নগরের মধ্যে পয়োনালা করার কারণেই ভয়াবহ এই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। পানিনিষ্কাশনের প্রায় সব মুখই বন্ধ বা সরু। অপরিকল্পিতভাবে ১৫-২০ ফুট চওড়া খাল ভরাট করে দুই থেকে চার ফুট পয়োনালা করায় জনগণের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।বরিশাল নদী-খাল বাঁচাও আন্দোলনের সদস্যসচিব কাজী এনায়েত হোসেন জানান, বরিশাল নগরে একসময় ১৩টি খাল ছিল; আধুনিকতার নামে যা ভরাট করে সরু পয়োনালা করা হয়েছে। নগরে যে পরিমাণ পানিপ্রবাহ রয়েছে, তা ওসব পয়োনালা দিয়ে বের হতে পারছে না। এ কারণে দেখা দিচ্ছে জলাবদ্ধতা।এ ব্যাপারে বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. মোতালেব বলেন, ‘পরিকল্পিতভাবেই পয়োনালাগুলো করা হয়েছে। টানা বর্ষণ ও নদীর পানি বেড়ে যাওয়ায় নগরের কোনো কোনো স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।’ খাল ভরাটের বিষয়ে তিনি বলেন, যে খালের প্রবাহ নেই, সেই খালগুলোতেই বড় পয়োনালা করা হয়েছে; যার প্রবাহ আগের চেয়ে বেড়েছে।