টানা বর্ষণে বিপর্যস্ত কমলগঞ্জ, যোগাযোগ ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত তিন দিনের টানা বর্ষণে মৌলভীবাজারের জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। জেলার কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর ও শ্রীমঙ্গলের পাহাড়ি এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এ কারণে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।

আজ বুধবার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর পাহাড় ধসে পড়ে। এতে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে যোগাযোগ কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। সড়কের ওপর থেকে মাটি কিছুটা সরিয়ে সিএনজিচালিত অটোরিকশা ও ছোট যানবাহন চলাচল শুরু করতে পারলেও বড় যানবাহন যেতে পারছে না।

অন্যদিকে, ভারী বৃষ্টিতে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও-রশিদপুর এলাকায় পাহাড় ধসে আজ সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত সিলেটের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ ছিল। কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলওয়ে স্টেশনমাস্টার কবির আহমদ জানান, পাহাড় ধসে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় ঢাকা ও আখাউড়াগামী কয়েকটি ট্রেন শ্রীমঙ্গল, ভানুগাছ স্টেশন ও শমশেরনগর স্টেশনে আটকা পড়েছিল। বেলা ১১টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এদিকে বেলা তিনটার দিকে সাতগাঁও পাহাড়ি এলাকায় একটি রেলসেতু দেবে যাওয়ায় আবারও ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক বলেন, ভারী বর্ষণে কমলগঞ্জে সব কটি নদ-নদী ও পাহাড়ি ছড়ার পানি বৃদ্ধি পেয়ে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পাহাড় ধসের ঘটনাও ঘটেছে। তবে উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট বিভাগীয় লোকজনের মাধ্যমে সড়ক ও রেল যোগাযোগ স্বাভাবিক রাখতে কাজ করছে।

ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে উপজেলার ছড়া, হাওর, বিল, নদী-নালা পানিতে টইটম্বুর। পানিতে নিম্নাঞ্চলের প্রায় ৫০০ হেক্টর বোরো ফসল তলিয়ে গেছে।

কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের বাছাটিলা, হালাবাদী, পতনউষার, মাইজগাঁও ও চন্দ্রপুর গ্রাম, মুন্সীবাজার ইউনিয়নের রূপষপুর গ্রাম এবং শমশেরনগর ইউনিয়নের সতিঝিরগাঁও, কেছুলুটি এবং ভাদাইর দেউল এলাকার বোরো খেত তলিয়ে গেছে। শমশেরনগর ইউনিয়নের কেছুলুটি গ্রামের কৃষক মছদ্দর আলী, বিলাত আলীসহ ক্ষতিগ্রস্ত কয়েকজন কৃষক বলেন, গত এক সপ্তাহে তাঁদের জমির বোরো ফসল তিন দফা ডুবে গেছে। তিন দিন ধরে বোরো ধানের খেত পানির নিচে।

কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. শামছুদ্দীন আহমদ বলেন, বুধবার পর্যন্ত তাদের হিসাবে ৫০০ হেক্টর জমির বোরো ফসল তলিয়ে গেছে।

মৌলভীবাজারের কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মো. শাহজাহান বলেন, এ বছর মৌলভীবাজারের সাতটি উপজেলায় ৫৩ হাজার ৪০০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছিল। বুধবার দুপুর পর্যন্ত সাড়ে ১৪ হাজার হেক্টর জমির বোরো ফসল তলিয়ে গেছে।

এদিকে, ভারী বর্ষণে কমলগঞ্জ উপজেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টির কারণে বুধবার কমলগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি তেমন ছিল না। শমশেরনগরের অভিভাবক নজরুল ইসলাম খান ও আনোয়ার হোসেন বলেন, খারাপ আবহাওয়ার কারণে তাঁরা ছেলেমেয়েদের বিদ্যালয়ে পাঠাননি। যারাই বিদ্যালয়ে গেছে, তারা বৃষ্টিতে ভিজে গেছে। বৃষ্টির কারণে হাটবাজারেও মানুষজনের উপস্থিতি খুব কম দেখা গেছে। অনেক দোকানও বন্ধ দেখা যায়। দিন মজুরেরা ঘর থেকে বেরিয়ে কাজে যেতে পারেননি।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক হারুন-অর-রশীদ জানান, বুধবার সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত কমলগঞ্জে ৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।