টানা বর্ষণে মংলা বন্দরে পণ্য খালাস ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শনিবার রাত থেকে শুরু হওয়া টানা বর্ষণে মংলা বন্দরে অবস্থান করা জাহাজে পণ্য খালাসের কাজ ব্যাহত হচ্ছে। পানিতে পচনশীল বা নষ্ট হতে পারে, এমন পণ্যবাহী জাহাজের খালাসকাজ রোববার থেকে বন্ধ রয়েছে। মংলা বন্দরে বর্তমানে চাল, লবণ, ইউরিয়া সারসহ বিভিন্ন পণ্যবাহী ১১টি জাহাজ রয়েছে।মংলা বন্দরের শ্রমিক নিয়োগকারী প্রতিষ্ঠান (স্টিভেডরস) নূরু অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী এইচ এম দুলাল জানান, তাঁর প্রতিষ্ঠান সারবাহী জাহাজ এমভি ওয়েস্টার্ন মাসেলে পণ্য খালাসের কাজ করছে। বৃষ্টির কারণে তাঁদের কাজ বন্ধ রয়েছে। আফরোজা এন্টারপ্রাইজ নামে অপর একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী রুহুল আমিন জানান, তাঁদের প্রতিষ্ঠান চালবাহী জাহাজ এমভি জুয়াং সাংয়ে পণ্য খালাসের কাজ বৃষ্টির কারণে রোববার থেকে করতে পারছে না।মংলা বন্দর কর্তৃপক্ষের সহকারী ব্যবস্থাপক (ট্রাফিক) কাজী আবদুস সালাম সোমবার বিকেলে বলেন, মংলা বন্দরে অবস্থান করা ১১টি জাহাজের মধ্যে ইউরিয়া সারবাহী পাঁচটি, লবণবাহী দুটি এবং চাল, গম, মেশিনারি ও কনটেইনারবাহী চারটি জাহাজ রয়েছে। বৃষ্টির কারণে সার ও লবণবাহী জাহাজে খালাসের কাজ হচ্ছে না এবং চাল ও গমবাহী জাহাজের খালাসের কাজও বিঘ্নিত হচ্ছে।