টানা বর্ষণে সৃষ্টি হয়েছে গর্তের, যান চলাচল বিঘ্নিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত দুই দিনের টানা বৃষ্টির কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে যান চলাচল বিঘ্নিত হচ্ছে৷ কয়েকটি স্থানে সৃষ্টি হচ্ছে যানজটের৷
মির্জাপুরের গোড়াই হাইওয়ে পুলিশ, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তা এবং যানবাহনের চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শুক্রবার থেকে মির্জাপুরে অবিরাম বর্ষণ শুরু হয়েছে। বৃষ্টির মধ্যে যানবাহনের চাকার ঘর্ষণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের গোড়াই থেকে টাঙ্গাইলের করটিয়া পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার এলাকার বিভিন্ন স্থানে আগে থেকেই ক্ষতিগ্রস্ত স্থানগুলোর খোয়া এবং পাথর উঠে গিয়ে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এর মধ্যে গোড়াই, ধেরুয়া রেলক্রসিং, দেওহাটা, মির্জাপুর বাইপাস, কুর্ণী, শুভুল্যা, আছিমতলা, সাটিয়াচড়া, পাকুল্যা, জামুর্কী, ডুবাইল, নাটিয়াপাড়া, পাটখাগুড়ি, বাঐখোলা, গোল্লা ও করাতিপাড়া এলাকায় বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে৷ এ কারণে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যানবাহনের স্বাভাবিক চলাচল বিঘ্নিত হচ্ছে। গর্তের কারণে কয়েকটি স্থানে যানজটেরও সৃষ্টি হচ্ছে৷
গোড়াই হাইওয়ে থানার (প্রস্তাবিত) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যোবাইদুল আলম বলেন, গর্তের কারণে যানবাহনের স্বাভাবিক চলাচল বিঘ্নিত হওয়ার পাশাপাশি বিভিন্ন স্থানে যানজটেরও সৃষ্টি হচ্ছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে সওজের মির্জাপুর উপবিভাগের উপসহকারী প্রকৌশলী ফারুক হোসেন বলেন, বৃষ্টি থামলেই ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করা হবে৷