টানা বর্ষণে ৪৬ কিলোমিটারে গর্ত, ঝুঁকি নিয়ে চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিনের টানা বর্ষণে পাথর উঠে গিয়ে কুষ্টিয়ার ওপর দিয়ে যাওয়া মহাসড়কের ৪৬ কিলোমিটার অংশ খানাখন্দে ভরে গেছে। এ কারণে এই অংশে ঝুঁকি নিয়ে যানবাহন চালাচ্ছেন চালকেরা। এ পথ পাড়ি দিতে সময় লাগছে অতিরিক্ত কয়েক ঘণ্টা।

এ বিষয়ে জানতে চাইলে জেলা সচেতন নাগরিক কমিটির (সনাক) সদস্য মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এই সড়কের কাজের জন্য টেন্ডার হয়, কাজ হয়। কিন্তু সড়কের চেহারার পরিবর্তন হয় না। কাজে অনিয়মের কারণে কয়েক মাস না যেতেই অবস্থা বেহাল হয়। এর স্থায়ী সমাধান না হলে জনগণের দুর্ভোগ বাড়বে। আর সরকারের অর্থ গচ্চা যাবে।’

শহরের মজমপুর এলাকায় কুষ্টিয়া ট্রাফিক পুলিশের পরিদর্শক ফকরুল ইসলাম বলেন, ‘সড়কের যে অবস্থা তাতে সমস্যা হচ্ছে আমাদের। গর্তে পড়ে যানবাহন বিকল হলে যানজটের সৃষ্টি হয়। এতে বেকায়দায় পড়তে হয় আমাদের।’

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কুষ্টিয়া কার্যালয় সূত্রে জানা যায়, কুষ্টিয়ার ভেড়ামারার বারোমাইল এলাকা থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় পর্যন্ত অংশের দৈর্ঘ্য ৪৬ কিলোমিটার। এর মধ্যে বারোমাইল থেকে মজমপুর পর্যন্ত ২২ কিলোমিটার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক। আর মজমপুর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় পর্যন্ত বাকি ২৪ কিলোমিটার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে পড়েছে। এই ৪৬ কিলোমিটার কুষ্টিয়া থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের ৩২ জেলায় সরাসরি সড়ক যোগাযোগের একমাত্র পথ। সড়কটি দিয়ে প্রতিদিন ১১ হাজারের বেশি যানবাহন চলাচল করে। এ কারণে সড়কটি এই এলাকার মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

সওজের কর্মকর্তারা বলছেন, টানা বর্ষণে ওই দুই মহাসড়কের ৪৬ কিলোমিটার অংশের প্রায় ৪০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এ ক্ষতি কাটাতে দীর্ঘমেয়াদি সংস্কারের প্রয়োজন। তা করতে এক বছর সময় লাগতে পারে।

গত বুধবার সরেজমিনে দেখা যায়, শহরের মজমপুর, বিসিক, চৌড়হাস, ভাদালিয়া, আলামপুর, বৃত্তিপাড়া এলাকাসহ সড়কটির বেশির ভাগ অংশের বুকজুড়ে কয়েক হাজার গর্ত। পাথর উঠে সড়কের পাশে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। সবচেয়ে বেশি খারাপ কুষ্টিয়া শহরের বারখাদা ত্রিমোহনী থেকে শুরু করে ভেড়ামারার ১১ মাইল পর্যন্ত এবং শহরের মজমপুর গেট থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় পর্যন্ত। এসব এলাকায় বেশির ভাগ কার্পেটিং উঠে গেছে। গর্তে জমে আছে বৃষ্টির পানি। এর মধ্যেই হেলেদুলে চলছে যানবাহন।

এ মহাসড়কের ট্রাকচালক আমির হোসেন বলেন, ‘এ রাস্তা নামেই জাতীয় মহাসড়ক। আসলে এ রাস্তার মা-বাপ নেই। রাস্তার এই অংশে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সকালে গাড়ি নিয়ে বের হই। রাস্তার যে অবস্থা, দিন শেষে বাড়ি ফিরব কি না—ঠিক নেই। জান হাতে করে গাড়ি চালাতে হয়।’

অপর ট্রাকচালক আইয়ুব আলী বলেন, ভাঙা রাস্তার কারণে গাড়ির খুব ক্ষতি হচ্ছে। যা ভাড়া পাওয়া যায় তার বেশির ভাগই গাড়ি মেরামতে খরচ হয়ে যায়। ওইটুকু পথ পাড়ি দিতে অতিরিক্ত কয়েক ঘণ্টা সময় লাগছে।

সওজ বিভাগ সূত্র জানায়, দুই বছর আগে কুষ্টিয়া-ঝিনাইদহ ও তিন বছর আগে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক সংস্কার করা হয়। সে সময় প্রায় ২০ কোটি টাকা ব্যয় করা হয়। কয়েক মাস আগেও এ দুটি মহাসড়ক সংস্কারকাজ করা হয়। এ ছাড়া জরুরি মেরামতের কাজ প্রায়ই চলে।

কয়েক দিনের বৃষ্টিতে সড়কে গর্ত হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বরিশালের ট্রাকচালক মো. হাফিজ বললেন, ‘ভাই, সরষের ভেতর ভূত আছে। তা না হলে এত টাকা খরচের পর মাত্র কয়দিনের বৃষ্টিতে রাস্তার এমন দশা হতো না।’

বিসিক এলাকায় বাসচালক শওকত আলী বলেন, কয়েক ঘণ্টার বৃষ্টিতেই রাস্তার বেহাল অবস্থা। পাথরগুলো উঠে গেছে। শুধু টাকা অপচয় করা হয়েছে। এখন চলাচল করতে কষ্ট হচ্ছে। বৃষ্টি আরও কয়েক দিন হলে আগামী সপ্তাহে সড়ক চলাচলের উপযোগী থাকবে না।

বুধবারও মহাসড়কের বিভিন্ন স্থানে সড়ক মেরামত করতে দেখা গেল। সওজের কর্মকর্তা-কর্মচারীরা মজমপুর এলাকায় ইট ও বালু ফেলছেন। বড় গর্তে ইট-বালু ফেলা হলেও ছোট গর্তে কিছু করা হচ্ছে না।

এ সময় সড়কের আশপাশের কয়েকজন বাসিন্দা বলেন, প্রতিবছরই এ দুটি মহাসড়কে কমবেশি সংস্কার করা হয়। কয়েক মাস আগেও কয়েকটি জায়গা সংস্কার করা হয়। এখন তার চিহ্নও নেই।

ওই কাজ তদারকির দায়িত্বে থাকা কুষ্টিয়া সওজের উপসহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন, সংস্কার করেও সড়ক ভালো রাখা যাচ্ছে না। বড় বড় ভারী যানবাহন চলায় সড়ক লোড নিতে পারছে না। গাড়ির চাকার আঘাতে বড় গর্ত তৈরি হচ্ছে।

এসব বিষয়ে সওজের কুষ্টিয়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, অতিবৃষ্টিতে মহাসড়কের ওই ৪৬ কিলোমিটার অংশের ব্যাপক ক্ষতি হয়েছে। আপাতত ইট ফেলে বড় গর্তগুলো ঠিক করার চেষ্টা চালানো হচ্ছে। আবহাওয়া ভালো হলে ক্ষতিগ্রস্ত স্থানগুলো যান চলাচলের উপযোগী করতে কাজ করা হবে।