টানা বর্ষণের পর সবজির দাম দ্বিগুণ
টানা বর্ষণের কারণে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় সবজিখেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে বাজারে সব ধরনের সবজির দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে গেছে।
উপজেলা সদরের কাঁচাবাজারে সবজি কিনতে গিয়ে বিপাকে পড়েন স্কুলশিক্ষক মিজানুর রহমান। কয়েক দিন আগে যে কুমড়া তিনি ১৫ টাকায় কিনেছেন, সেই একই ধরনের কুমড়া হঠাৎ করেই হয়ে গেছে ৩০ টাকা।
দোকানি একরামুল হক তাঁর অসহায়ত্ব প্রকাশ করে বলেন, ‘ভাই! আমাদের কিছু করার নেই। টানা বর্ষণের পর শুধু কুমড়া নয়, বাজারে সব ধরনের সবজির দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে।’
উপজেলার দুটি বাজারে গত রোববার খোঁজ নিয়ে জানা গেছে, বৃষ্টির আগে প্রতি কেজি বেগুনের দাম ছিল ২০ টাকা। এখন তা ৩৬ টাকা থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের কেজি ছিল ৪০ টাকা থেকে ৪৮ টাকা। এখন হয়েছে ১০০ টাকা। ২৪ টাকার ঢ্যাঁড়স ৪০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি পুঁইশাকের দাম ছিল পাঁচ টাকা, এখন বিক্রি হচ্ছে ১০ টাকায়। ১৫ টাকা কেজির মুলা হয়েছে ৩০ টাকা। একইভাবে অন্যান্য সবজির দামও বেড়েছে।
উপজেলার কঞ্চিথল গ্রামের এমদাদুল হক বলেন, ‘এই উপজেলায় সবজির দাম এক লাফে প্রায় দ্বিগুণ হয়ে গেছে। কয়েক দিন আগে আমি এক হালি কাঁচা কলা আট টাকায় কিনেছিলাম। সেই কলা এখন ২০ টাকার কমে দিতে চান না দোকানি।’
উপজেলার টেপাগাড়ি গ্রামের কৃষক মজিদ মিয়া জানান, তিনি এক বিঘা জমিতে পটোল চাষ করেছেন। বৃষ্টির আগে প্রতি সপ্তাহে যে পরিমাণ পটোল উঠত, এখন সেই জমিতে তার এক-চতুর্থাংশও উঠছে না। সামান্য কিছু জমিতে তিনি বেগুন লাগিয়েছিলেন। সেখানেও এই একই দশা।
উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, এই উপজেলায় চলতি মৌসুমে ৯০০ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের সবজি চাষ করা হচ্ছে। টানা বৃষ্টি হলে খেতে সবজিগাছের ফুলে পরাগায়ন ব্যাহত হয়। এ কারণে সবজির উৎপাদন কমে যায়।
উপজেলা কৃষি কর্মকর্তা তাহেরুল ইসলাম বলেন, ‘টানা বৃষ্টির কারণে সবজির ক্ষতি হয়েছে। তবে আবহাওয়া স্বাভাবিক হয়ে গেলে ফলন আবার বাড়বে।’