টানা বর্ষণের পর সবজির বাজারে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের নিউমার্কেট কাঁচাবাজারে সবজি কিনতে গিয়ে বিপাকে পড়েছেন গৃহিণী সেলিনা খাতুন। কয়েক দিন আগে ১৬ টাকা কেজি দরে বিক্রি হওয়া পটোল হঠাৎ করেই হয়ে গেছে ৪০ টাকা। দোকানিরা তাঁদের অসহায়ত্ব প্রকাশ করে বলেন, ‘আপা! আমাদের কিছুই করার নেই। আসলে সবজির বাজারে আগুন লাগাইয়া দিচে বৃষ্টি।’ গত এক সপ্তাহের টানা বর্ষণের পর শুধু পটোল নয়, রাজশাহীর বাজারে সব ধরনের সবজির দাম দ্বিগুণ হয়ে গেছে। রাজশাহীর বিভিন্ন সবজি-বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বৃষ্টির আগে প্রতি কেজি করলার দাম ছিল ২০ টাকা। এখন তা ৩২ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। মরিচের কেজি ছিল ১০-১২ টাকা। এখন হয়েছে ৩০ টাকা। ১৬ টাকার ঢেঁড়স ২৪ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি পুঁইশাকের দাম ছিল পাঁচ টাকা, এখন বিক্রি হচ্ছে ১০ টাকায়। একইভাবে অন্যান্য সবজির দামও বেড়েছে।নগরের রামচন্দ্রপুর এলাকার কলেজ-শিক্ষক শামছুল হক বলেন, রাজশাহীতে সবজির দাম এক লাফে দ্বিগুণ হয়ে গেছে। তিনি বলেন, ‘ছয় টাকা হালির কলা এখন ১২ টাকা। ১৬ টাকা কেজির করলা ৩২ টাকা করে কিনতে হলো।’ তিনি বলেন, রাতারাতি এমন দাম বাড়ায় বাজারে গিয়ে সাধারণ মানুষ বিপাকে পড়ছে। সবজি-ব্যবসায়ী মাসুদ রানা বলেন, বৃষ্টির কারণেই বাজারে সবজির সরবরাহ কমে গেছে। অনেক জমিতে জলাবদ্ধতার কারণে ক্ষতি হয়েছে। এ ছাড়া যে জমি ভালো আছে, তাতেও সবজি উঠছে কম। এ জন্য দাম বেড়ে গেছে। তিনি বলেন, এখন সাত-আট দিন যদি টানা রোদ থাকে, তাহলে আবার বাজারে সবজির সরবরাহ বেড়ে যাবে। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রাজশাহীতে সাত হাজার ২৪৫ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। এর মধ্যে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে প্রায় ৯৫ হেক্টর জমির সবজির সরাসরি ক্ষতি হয়েছে। মোহনপুর উপজেলা সবজির জন্য প্রসিদ্ধ। এবার এই এলাকায় ৯৫০ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। কিন্তু এক সপ্তাহের টানা বর্ষণের পর অনেক জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে পটোল, কাঁচা মরিচ, করলা, ঢেঁড়স, পেঁপে, পুঁইশাক ও ঝিঙের ক্ষতি হয়েছে। মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের নন্দনহাট গ্রামের কৃষক সোলাইমান হোসেন জানান, তিনি এক বিঘা জমিতে পটোল চাষ করেছিলেন। বৃষ্টির আগে প্রতি সপ্তাহে ১০০ কেজি করে পটোল পেতেন। এ সপ্তাহে সেই জমি থেকে মাত্র ১৩ কেজি পটোল পেয়েছেন। হরিপুর গ্রামের কৃষক আবদুল হক জানান, তিনি এক বিঘা জমিতে পটোল চাষ করেছিলেন। সপ্তাহে দুইবার তিনি পটোল ওঠাতেন। গড়ে প্রতি সপ্তাহে তাঁর ১০০ কেজি করে পটোল উঠত। এখন সেই জমিতে ৩০ কেজির বেশি পটোল উঠছে না। তিনি আরও বলেন, তাঁর এক বিঘা জমিতে মরিচ ছিল। আগে সপ্তাহে এক মণ মরিচ পেতেন। এখন সেই জমিতে মাত্র ১৫ কেজি মরিচ উঠছে। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ নূরুল আমিন বলেন, টানা বৃষ্টি হলে সবজিখেতে পরাগায়ন ব্যাহত হয়। এ কারণে সবজির উৎপাদন কমে যায়। জলাবদ্ধতার কারণেও কিছুটা ক্ষতি হয়েছে।