টানা বৃষ্টি, আশুগঞ্জ থেকে ভারতীয় চাল সরবরাহ বন্ধ
দুদিন ধরে টানা বৃষ্টির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে ভারতীয় চাল সরবরাহ বন্ধ রয়েছে। চাল সরবরাহের দায়িত্ব পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের সূত্র গতকাল শুক্রবার জানিয়েছে, আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত চাল পরিবহন বন্ধ থাকবে।
আশুগঞ্জ নৌবন্দর সূত্রে জানা গেছে, প্রথম চালানের পাঁচটি জাহাজের পাঁচ হাজার ৮০ মেট্রিক টন চালের মধ্যে সাত দিনে ৮০টি ট্রাকে মোট এক হাজার ৩৬০ মেট্রিক টন চাল ভারতের ত্রিপুরার নন্দননগর এলাকার এফআইসি গোডাউনে পৌঁছে দেওয়া হয়। পরে বৃষ্টির কারণে চাল পরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়।
আশুগঞ্জ বন্দরের পরিবহন পরিদর্শক শাহ আলম প্রথম আলোকে জানান, গত মঙ্গলবার কার্গো ভ্যানে তোলা চাল বুধবার সকালে ভারতে পাঠানো হয়। কিন্তু দুদিন ধরে বৃষ্টির কারণে চাল কার্গো ভ্যানে তোলা সম্ভব হচ্ছে না। এ কারণে সরবরাহ বন্ধ রয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও চাল সরবরাহ শুরু করা হবে।
ভারতের আসাম রাজ্যের লামডিং-শিলচর রেলপথ বন্ধ থাকায় ত্রিপুরাসহ উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে খাদ্যশস্য পরিবহনের জন্য দেশটির অনুরোধে বাংলাদেশ সরকার এ সুবিধা দিচ্ছে। ৭ আগস্ট পাঁচ হাজার ৮০ মেট্রিক টন খাদ্য নিয়ে পাঁচটি কার্গো জাহাজ আশুগঞ্জ নৌবন্দরে নোঙর করে।