টানা বৃষ্টি ও বন্যায় গরু ছাগলের দাম কমছে
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় কোরবানির ঈদ সামনে থাকায় যেখানে গরু-ছাগলের দাম বাড়ার কথা, সেখানে উল্টো দাম কমছে। টানা বর্ষণ ও দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা হওয়ার কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে কয়েকজন ব্যবসায়ী জানিয়েছেন।
গত সোমবার উপজেলার বুড়িগঞ্জ হাটে গিয়ে সাত-আটজন গরু-ছাগল ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়, কোরবানির ঈদ সামনে রেখে গরু-ছাগলের দাম বাড়ছিল। ঠিক এ রকম সময়ে টানা বর্ষণ শুরু হওয়ায় এখন দাম কমের দিকে। এলাকার ফসলি জমি তলিয়ে গেছে। ঘাস বলতে গেলে পাওয়া যাচ্ছে না। গো-খাদ্যের দাম বাড়ছে। এ অবস্থায় কৃষক বাড়ির গরু-ছাগল বিক্রি করে দিতে চাইছেন। এ কারণে চাহিদার চেয়ে জোগান বেশি হওয়ায় দাম কমের দিকে।
গরু ব্যবসায়ী আজমল হোসেন (৪৫) বলেন, ১০-১২ দিন আগে যে গরু ৭০ হাজার টাকায় বিক্রি হয়েছে, সেই একই ধরনের গরু এখন ৬৫ হাজার টাকায়ও পাওয়া যাচ্ছে। ছাগলের দামও কমছে। আরেক গরু ব্যবসায়ী আজিজুল ইসলাম (৩৫) বলেন, ‘বাইরের জেলাগুলোতে গরু-ছাগল সেভাবে টানছে না। তাই দাম কম।’ তবে বৃষ্টি থেমে গেলে দাম আবার বেশি হবে বলে তিনি আশা করছেন।
উপজেলার কুড়াহার গ্রামের মফিজুল ইসলাম (৫০) সোমবার বুড়িগঞ্জ হাট থেকে দুই লাখ ছয় হাজার টাকায় তিনটি গরু কিনেছেন। তিনি বলেন, ‘দাম একটু কম পাওয়াতে গরুগুলো কিনলাম। ঈদের আগে আগে বিক্রি করে দিব। তখন আশা করছি ভালো একটা লাভ পাব।’