টানা বৃষ্টি মানেই থই থই পুরান ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার বকশীবাজার, বংশাল রোড, কাজী আলাউদ্দিন রোড, লক্ষ্মীবাজার, হাজারীবাগ, নাজিমউদ্দিন রোড, বেচারাম দেউড়ি এলাকায় দু-তিন ঘণ্টা টানা বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। এলাকাবাসীকে পড়তে হয় চরম ভোগান্তিতে।
গতকাল সকালে টানা বৃষ্টির পর বকশীবাজারের উমেশ দত্ত রোডে হাঁটুপানি জমে যায়। আশপাশের এলাকা থেকে রাস্তাটি নিচু। বর্ষায় এবড়োখেবড়ো এ রাস্তাটিতে চলাচল করতে হিমশিম খেতে হয়। বাসিন্দারা জানান, এ এলাকায় জলাবদ্ধতার সমস্যা বহুদিনের।
স্থানীয় অধিবাসী আমির হোসেন বলেন, একটু ঘন বৃষ্টি হলেই পানি জমে যায়। কিছুক্ষণ পর আস্তে আস্তে কমতে থাকে। আর দুই থেকে তিন ঘণ্টা টানা বৃষ্টি হলে পুরো দিন জলাবদ্ধতা থাকে।
এলাকার দোকানদার মোহাম্মদ রাসেল বললেন, এর আগেও ২৩ জুন প্রায় দুই ঘণ্টা টানা বৃষ্টির পর দিনভর রাস্তায় পানি জমে ছিল। রাস্তা ছাপিয়ে পানি উঠেছিল ফুটপাতেও। পানি নামতে নামতে প্রায় রাত নয়টা বেজে যায়। কিছুদিন আগে নর্দমা সংস্কার করা হয়েছে। কিন্তু এখনো পানি জমে রাস্তায়।
গতকাল বৃষ্টি থামার চার ঘণ্টা পর নাজিমউদ্দিন রোডে গিয়ে দেখা যায়, পুরো রাস্তায় পানি থইথই করছে। আশপাশে গলিগুলোতেও পানি ঢুকে গেছে। লোকজন ভ্যানে করে রাস্তা পার হচ্ছে। ছোট দোকানগুলোতে ঢুকে পড়েছে পানি। স্থানীয় বাসিন্দা মো. আলমগীর বলেন, এই পানি সারা রাতেও নামবে কি না সন্দেহ।
বংশাল রোড ও কাজী আলাউদ্দিন রোডেও হাঁটুপানি জমে ছিল গতকালের বৃষ্টিতে। স্থানীয় মুদি দোকানদার মো. রফিক উল্লাহ বলেন, পানি নেমেছে তিনটার দিকে।
লক্ষ্মীবাজারের সুভাষ বসু অ্যাভিনিউর কিছু পরিমাণ রাস্তায় পানি জমে থাকে বৃষ্টি শেষ হওয়ার পর প্রায় তিন ঘণ্টা। ছোট দোকানগুলোতে পানি ঢোকে। দোকানের সামনে ইট বিছিয়ে চলাচল করতে হয়।
স্থানীয় মুদি দোকানদার মোহাম্মদ হোসেন বলেন, ‘বৃষ্টি হলেই এখানে পানি জমে। কিন্তু এ সমস্যা নিরসনে কোনো উদ্যোগ দেখি না।’
বেচারাম দেউড়িতেও ঘন বৃষ্টির পর নান্নার বিরিয়ানি দোকানের সামনের রাস্তাটিতে পানি জমে যায়। এলাকার আশপাশে কোনো জলাশয় নেই। স্থানীয় বাসিন্দা দীন মোহাম্মদ বলেন, এ রাস্তাটি হাঁটুপানিতে ডুবে যায়। এমন সমস্যা আগে ছিল না। ১০-১২ বছর ধরে এ সমস্যা দেখা দিয়েছে।
পুরান ঢাকার হাজারীবাগের ট্যানারি মোড়ে ২৩ জুন বৃষ্টির পর সৃষ্টি হয়েছিল জলাবদ্ধতার। সে পানি নামতে নামতে সময় লেগেছিল প্রায় পাঁচ ঘণ্টা। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হোসেন বলেন, নর্দমায় ট্যানারিশিল্পের বর্জ্য জমে থাকে। ঠিকমতো পরিষ্কার করা হয় না। এ কারণে পানি জমে থাকে।
এ ব্যাপারে ঢাকা (দক্ষিণ) সিটি করপোরেশনের সহকারী বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আ হ ম আবদুল্লাহ হারুন বলেন, ‘জলাবদ্ধতা নিয়ে আমরা কোনো কাজ করি না। এটা ওয়াসা করে থাকে। আমরা কেবল রাস্তার পাশের নর্দমা পরিষ্কার করে থাকি। তবে হাজারীবাগে ট্যানারি বর্জ্য ফেলার জন্য আলাদা কনটেইনার দেওয়া হয়েছে।’
ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (অপারেশন ও ম্যানেজমেন্ট) এস ডি এম কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ঢাকা শহরে প্রতিদিন সাত হাজার টন বর্জ্য জমা হয়। এর মধ্যে সিটি করপোরেশন পরিষ্কার করে পাঁচ হাজার টন, বাকি ময়লা নর্দমা দিয়ে ওয়াসার খালগুলোতে যায়। বছরে আমরা মার্চ থেকে মে-এর মধ্যে একবার পরিষ্কার করতে পারি খালগুলো।’