টানা বৃষ্টিতে কলারোয়ার নিম্নাঞ্চল প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিনের টানা বৃষ্টিতে সাতক্ষীরার কলারোয়া উপজেলার পৌরসভাসহ ১২টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ইতিমধ্যে অনেক এলাকায় বাড়িতে পানি ঢুকেছে। হঠাত্ বিরামহীন বৃষ্টি শুরু হওয়ায় কপোতাক্ষপারের ২০ হাজার মানুষ বন্যা-আতঙ্কে দিন কাটাচ্ছে। ক্ষেত্রপাড়া গ্রামের হবিবুর রহমান জানান, গত সোমবার ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে। কখনো থেমে থেমে, আবার কখনো মুষলধারে বৃষ্টিতে গ্রামের পথঘাট সব পানিতে তলিয়ে গেছে। এভাবে বৃষ্টি আরও এক-দুই দিন চললে বন্যা দেখা দিতে পারে। কলারোয়া উপজেলার ধানদিয়া গ্রামের ইউপি সদস্য মনিরুল ইসলাম, ক্ষেত্রপাড়া গ্রামের ইউপি সদস্য জয়দেব সাহা, জয়নগর ইউপির সদস্য শেখ ফিরোজ আহমেঞ্চদ জানান, নাব্যতাহারা কপোতাক্ষের কারণে ২০০০ সাল থেকে যশোরের কেশবপুর ও মনিরামপুর উপজেলার ২৫-৩০টি গ্রাম ও কলারোয়া উপজেলার ১২-১৫টি গ্রাম অতিবর্ষণ হলেই পানিতে তলিয়ে যায়। প্রতিবছর বর্ষায় এসব এলাকার মাঠ-ঘাট ও ঘরবাড়ি তলিয়ে মানুষের ক্ষতি হয়। কলারোয়ার ইউএনও তরিকুল ইসলাম জানান, টানা বৃষ্টিতে উপজেলার বেত্রাবতী ও কপোতাক্ষপারের কয়েকটি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।