টানা বৃষ্টিতে কুমিল্লা ও চাঁদপুরের মানুষ নাকাল

কুমিল্লার মুরাদনগর উপজেলার কোড়েরপাড় আদর্শ কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক মো. সালেহ উদ্দিন কুমিল্লা নগরের রেসকোর্স কাঠেরপুল এলাকায় ভাড়া বাসায় থাকেন। গত সোমবার রাতে তিনি কম্পিউটারে কাজ করছিলেন। এ সময় বৃষ্টির পানি বাসার ভেতর ঢুকে পড়ে। মুহূর্তের মধ্যে পুরো বাসায় হাঁটুসমান পানি জমে যায়। এতে তাঁর বইপত্র ও সব আসবাব ভিজে যায়। একই অবস্থা নগরের মনোহরপুর এলাকার ক্রিকেটার ফয়সল বারী মুকুলের বাসায়। ওই বাসায় গত ২০ বছরেও পানি ওঠেনি। ঝুম বৃষ্টিতে খাট পর্যন্ত পানি উঠে একাকার।
শুধু সালেহ বা ফয়সলের বাসা নয়, কুমিল্লা নগরের অন্তত ৭০ ভাগ এলাকার বাসায় গত সোমবারের রাতের ছয় ঘণ্টার টানা বৃষ্টিতে পানি উঠে যায়। এতে নগরবাসী নাকাল হয়ে পড়ে। এ সময় অনেককে ঘর থেকে পানি সরাতে দেখা যায়। মধ্যরাতে বাসাবাড়িতে পানি ঢুকে চরম ভোগান্তিতে পড়ে মানুষ।
গত সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত টানা বৃষ্টিতে কুমিল্লার মতো চাঁদপুর শহরে অধিকাংশ পাড়া-মহল্লার সড়কসহ প্রধান প্রধান সড়ক প্রায় হাঁটুপানিতে ডুবে গেছে। গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত পানি আটকে থাকায় চরম দুর্ভোগে পড়ে পৌর এলাকার প্রায় চার লাখ মানুষ।
কুমিল্লা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল বলেন, ছয় ঘণ্টায় ১২৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। কুমিল্লায় সোমবার রাতেই সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, নগরের যেসব এলাকায় আগে কখনো পানি ওঠেনি, সেসব এলাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নগরের অশোকতলা, বিসিক শিল্পনগরী, পশ্চিম বাগিচাগাঁও, ঝাউতলা, রেসকোর্স, ধানমন্ডি সড়ক, ডিসি সড়ক, ছোটরা, দক্ষিণ চর্থা, কান্দিরপাড়, স্টেডিয়াম এলাকা, ডায়াবেটিস হাসপাতাল এলাকা, রূপসী বাংলা ভবন, কুমিল্লা চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, পুলিশ লাইন স্কুল মাঠ এলাকায় পানি জমে আছে। স্টেডিয়াম এলাকার আসবাব ও ইলেকট্রনিকস সামগ্রীর দোকানগুলোতে গতকাল দুপুরেও পানি থইথই করতে দেখা গেছে।
নগরের কান্দিরপাড় গোলদারবাড়ির বাসিন্দা মিজানুর রহমান গোলদার বলেন, ‘আমাদের বাড়িতে জীবনে কোনো দিন পানি দেখিনি। সোমবার মধ্যরাতে বাসার ভেতর তিন ফুট পানি জমেছে।’ ঠাকুরপাড়া এলাকার আতিকুল ইসলাম বলেন, ‘রাতে বাসা থেকে পানি সরাতে বেগ পেতে হয়েছে।’
কুমিল্লা সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, অতিবৃষ্টির কারণে নগরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ ছাড়া পানি নামার সব পথ রুদ্ধ হয়ে গেছে। অপরিকল্পিত ভবন নির্মাণের কারণে কোথাও কোথাও পানি নামতে পারছে না।
গত রোববার কুমিল্লা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় ক্ষোভ প্রকাশ করে কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘গাড়ি নিয়ে বাংলোয় যেতে পারি না। কয়েক দিন বাদে আমাকে জলাবদ্ধতার কারণে ট্রাকে করে যেতে হবে।’ ডিসি বাংলো সড়কের মধ্যে কয়েক দিন ধরে কোথাও হাঁটুপানি, কোথাও কোমরপানি জমে আছে।
গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চাঁদপুর শহরের প্রধান দুটি সড়কের অধিকাংশ এলাকা একং মুক্তিযোদ্ধা সড়ক, বঙ্গবন্ধু সড়ক, সরকারি মহিলা কলেজ সড়ক প্রায় হাঁটু পর্যন্ত পানি দেখা যায়। এ ছাড়া শহরের মমিনপাড়া, প্রফেসর পাড়া, নাজির পাড়াও হাঁটুপানিতে তলিয়ে থাকায় এলাকাবাসী ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
প্রবল বৃষ্টিতে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালনও ব্যাহত হয়। শহরের মুক্তিযোদ্ধা সড়ক-সংলগ্ন শহীদ মুক্তিযুদ্ধের ভাস্কর্য অঙ্গীকারের পাদদেশের প্রাঙ্গণে শোক ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। কিন্তু এসব এলাকা পানিতে তলিয়ে থাকায় স্থান পরিবর্তন করে শহরের শপথ চত্বরে এসব কর্মসূচি পালন করতে হয়।