টানা বৃষ্টিতে কুমিল্লা নগরে জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত রোববার রাত থেকে গতকাল সোমবার সকাল পর্যন্ত টানা বৃষ্টিতে কুমিল্লা নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃষ্টির পানি বাড়িঘর, হাসপাতাল ও দোকানপাটে ঢুকে গেছে।
নগরের রেসকোর্স, ডিসি বাংলো, পশ্চিম বাগিচাগাঁও, পূর্ব বাগিচাগাঁও, অশোকতলা, বিষ্ণুপুর, জেলা পরিষদের বাংলো, নগরভবনের পশ্চিম পাশের সড়ক, ঝাউতলা পানি উন্নয়ন বোর্ড ও দক্ষিণ চর্থা এলাকায় গতকাল ঘুরে দেখা গেছে, সড়কের ওপরে পানি জমে আছে। এর মধ্য দিয়েই বিভিন্ন যানবাহন চলাচল করছে।
সরেজমিনে দেখা যায়, পশ্চিম বাগিচাগাঁও কুমিল্লা ডায়াবেটিক হাসপাতালের ভেতরে পানি থইথই করছে। হাসপাতালের দক্ষিণ পাশের সড়কে হাঁটুপানি। জেলা পরিষদ বাংলোর সামনেও একই অবস্থা। নগরভবনের লাগোয়া পশ্চিম পাশের সড়কে কোমরপানি।
নগরবাসী বলছে, পানিনিষ্কাশনের নালাগুলো দীর্ঘদিন পরিষ্কার করা হয় না। নালার পানি উপচে সড়কে চলে আসায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
তবে কুমিল্লা সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনজুর কাদের বলেন, ‘বছরে আমরা কয়েকবার নালা পরিষ্কার করি। কিন্তু নগরবাসী অসচেতনভাবে নালার মধ্যে ময়লা-আবর্জনা ফেলায় এ অবস্থা হয়েছে।’