টানা বৃষ্টিতে কুষ্টিয়ায় জলাবদ্ধতা, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মুষলধারে বৃষ্টি হয়েছে। এতে জেলা শহরের অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা দেখা দেওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কুষ্টিয়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবদুস সাত্তার জানান, গতকাল সকাল সাড়ে নয়টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল ২০৮ দশমিক ১০ মিলিমিটার। গত কয়েক বছরে কুষ্টিয়ায় এ রকম বৃষ্টি হয়নি।সরেজমিনে দেখা গেছে, শহরের কোর্টপাড়া, কালিশংকরপুর, পেয়ারাতলা, জেলখানা, হাসপাতাল রোড, পূর্ব মজমপুর, পশ্চিম মজমপুর, কাটাইখান মোড়, ছয় রাস্তার মোড়সহ বিভিন্ন এলাকা এক ফুট পানিতে তলিয়ে গেছে। শহরের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে পানি ঢুকেছে। দিনমজুরেরা কাজ না পেয়ে শহরের বিভিন্ন স্থানে বসে আছেন।শহরের নবাব সিরাজউদ্দৌলা সড়কের দুই পাশে পানি জমে আছে। এ কারণে সড়কের পাশের অনেক দোকান বন্ধ রয়েছে। এ সড়কের পাঁচ রাস্তার মোড়ের ব্যবসায়ী ও কুষ্টিয়া শিল্প ও বণিক সমিতির সহসভাপতি এস এম কাদেরী বলেন, এ রকম বৃষ্টি এর আগে কোনো দিন হয়নি। বিশেষ করে পাঁচ রাস্তার মোড়ে এর আগে কোনো দিন পানি ওঠেনি।এ ছাড়া কুষ্টিয়া জিলা স্কুল, সরকারি বালিকা বিদ্যালয় ও চাঁদ সুলতানা মাধ্যমিক বিদ্যালয়ের ভেতরে পানি ঢুকে পড়েছে। জিলা স্কুলের প্রধান শিক্ষক নিভা রানী পাঠক বলেন, রাত থেকে বৃষ্টি হওয়ায় স্কুলে ছাত্রছাত্রীর উপস্থিতি খুব কম ছিল। এ জন্য নির্ধারিত সব ক্লাস হয়নি।পৌর বাজারের তরকারি বিক্রেতা রহমান শেখ বলেন, বৃষ্টির কারণে বাজারের নিচের অংশে পানি জমে গেছে। এ জন্য তরকারি বিক্রি করা যাচ্ছে না; তা ছাড়া বাজারে ক্রেতাও আসেনি। কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী বলেন, পৌর এলাকার সব নালা দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হচ্ছে। তবে বৃষ্টি বেশি হওয়ায় পানি নিষ্কাশিত হতে দেরি হচ্ছে।