টানা বৃষ্টিতে কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কুড়িগ্রামের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। পানির চাপে সদর উপজেলার ধরলা সেতুর পূর্বপাড় ও ঘোগাদহ ইউনিয়নে ব্যাপক নদী ভাঙন দেখা দিয়েছে। এতে বসতঘর ও আবাদি জমি বিলীন হয়ে যাচ্ছে। হুমকিতে রয়েছে একটি বাঁধ। সরেজমিনে দেখা গেছে, চরবড়াইবাড়ী, কাইম বড়াইবাড়ী, জগমোহনের চর এবং নানকার গ্রামে প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে ধরলা নদীর ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। ধরলা সেতুর পূর্বপাড় ঘেঁষে জেগে ওঠা চরও ভাঙছে। এতে ধরলা সেতুর পূর্বপাড়ের গাইড বাঁধ হুমকিতে পড়েছে। ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক জানান, দুধকুমোর নদীর ভাঙনে ভহিষেরকুটি, রসুলপুর, খামার ও রাউলিয়া এলাকায় আবাদি জমি বিলীন হয়ে যাচ্ছে। দুই সপ্তাহে এসব এলাকার ৫৬টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। টানা বৃষ্টিতে কুমরের বস, সরকারপাড়া, প্রথম আলোর চরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড কুড়িগ্রাম কার্যালয় সূত্র জানা গেছে, বৃষ্টি এবং উজানের ঢলে নদীগুলোয় অস্বাভাবিক হারে পানি বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ধরলার ফেরিঘাট পয়েন্টে ২৫ দশমিক ৩৩ সেন্টিমিটার দুধকুমোরের নুনখাওয়া পয়েন্টে ২৫ দশমিক ৬৭ সেন্টিমিটার, ব্রহ্মপুত্রের চিলমারী পয়েন্টে ২৩ দশমিক ৮ সেন্টিমিটার এবং তিস্তার কাউনিয়া পয়েন্টে ২৮ দশমিক ৫০ সেন্টিমিটার পানি প্রবাহিত হচ্ছিল। অবিরাম বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রাম শহর এবং আশপাশের এলাকার জীবনযাত্রা সম্পূর্ণ অচল হয়ে গেছে। শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। শহরের পাশের মুন্সিপাড়া, একতাপাড়া, আটাখাওয়ার চর ও টাপুভেলাকোপার নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। বৃষ্টির কারণে শ্রমজীবী মানুষেরা কাজ করতে না পেরে পরিবার-পরিজন নিয়ে চরম কষ্টে পড়েছে।