টানা বৃষ্টিতে চট্টগ্রামে জনদুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয় চট্টগ্রাম নগরের বিভিন্ন জায়গায়। দেখা দেয় যানজট। এতে দুর্ভোগে বা​েড় নগরবাসীর। ছবিটি গতকাল বেলা দেড়টার দিকে নগরের ২ নম্বর গেইট এলাকা থেকে তোলা l প্রথম আলো
অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয় চট্টগ্রাম নগরের বিভিন্ন জায়গায়। দেখা দেয় যানজট। এতে দুর্ভোগে বা​েড় নগরবাসীর। ছবিটি গতকাল বেলা দেড়টার দিকে নগরের ২ নম্বর গেইট এলাকা থেকে তোলা l প্রথম আলো

টানা বৃষ্টিতে গতকাল রোববার চট্টগ্রামের জনজীবনে দুর্ভোগ পোহাতে হয়েছে। শনিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি থেমে থেমে রোববার দুপুর পর্যন্ত অব্যাহত ছিল। তবে দুপুরের পর থেকে বৃষ্টির মাত্রা কমে এসেছে।
পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘের কারণে এই বৃষ্টিপাত হচ্ছে। রোববার বেলা তিনটা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় নগরে ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গতকাল বেলা আড়াইটা পর্যন্ত কখনো মুষলধারে, কখনোবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত অব্যাহত ছিল।
মুষলধারে বৃষ্টির সময় গতকাল বেলা ১১টার দিকে নগরের নিচু এলাকা বাকলিয়া, হালিশহর, চান্দগাঁওসহ বিভিন্ন স্থানে স্বল্প সময়ের জন্য জলাবদ্ধতা দেখা দেয়। বৃষ্টির মাত্রা কমে আসার সঙ্গে সঙ্গে পানি নেমে গেছে।
বৃষ্টির কারণে নগরে যানবাহন চলাচলও কমে যায়। বিশেষ করে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার চলাচল কমে যাওয়ায় সাধারণ মানুষকে দুর্ভোগে পড়তে হয়। স্বল্প যানবাহনের সুযোগে রিকশা এবং অটোরিকশায় চড়ে যাত্রীদের ভাড়া গুনতে হয়েছে বেশি।
বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন, ‘নগরের আসকার দিঘীরপাড় থেকে আগ্রাবাদ অফিসে যাওয়ার সময় প্রতিদিন ৭০-৮০ টাকা অটোরিকশা ভাড়া দিয়ে যাই। কিন্তু আজ (গতকাল) ১২০ টাকা ভাড়া চায়। পরে একটি রিকশা নিয়ে অফিসে আসি। রিকশা ভাড়াও ছিল স্বাভাবিকের চেয়ে বেশি।’

বৃষ্টির কারণে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও গণপরিবহন ও রিকশার জন্য রাস্তায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে। দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে শেষে অনেকে কাকভেজা হয়ে বাড়ির দিকে পা বাড়ান।

এদিকে সঞ্চালনশীল মেঘমালার কারণে এবং ঝোড়ো হাওয়ার আশঙ্কায় সমুদ্রবন্দরের ওপর জারি হওয়া তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত গতকাল দুপুরে তুলে নিয়েছে আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকায় এই সতর্কতা তুলে নেওয়া হয় বলে পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে।