টানা বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলীয় এলাকায় লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম ও এর আশপাশের এলাকায় টানা বৃষ্টি হচ্ছে। ফলে নগরের অধিকাংশ এলাকার রাস্তাঘাটসহ নিচু এলাকা পানিতে ডুবে গেছে। গতকাল শনিবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৬৪ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।পতেঙ্গা আবহাওয়া দপ্তর জানায়, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। দেশের চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর ও কক্সবাজার উপকূলীয় এলাকায় ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম, ঢাকাসহ বিভিন্ন বিভাগে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। টানা বৃষ্টির ফলে চট্টগ্রামের বাদুরতলা, বহদ্দারহাট, মুরাদপুর, কাপাসগোলা, চকবাজার, চান্দগাঁও, হালিশহরসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে নগরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়। আবহাওয়া দপ্তর জানায়, লঘুচাপের কারণে সমুদ্রবন্দর এবং উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। ৩ নম্বর সতর্কসংকেতের পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি আবার কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।