টানা বৃষ্টিতে চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকায় পানি
রাতভর বৃষ্টিতে গতকাল শুক্রবার নগরের বিস্তীর্ণ এলাকা পানিতে ডুবে গেছে। ফলে নগরের এক এলাকা থেকে অন্য এলাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন দুজন।নিহত দুজনের একজন দর্জি, অন্যজন টোকাই। মহানগর পুলিশ দক্ষিণাঞ্চলের সহকারী পুলিশ কমিশনার আবদুল মান্নান বলেন, সকাল পৌনে ১০টার দিকে চকবাজারের কে বি আমান আলী সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন দর্জি মানিক দেবনাথ। এ সময় বিদ্যুতের একটি তার ছিঁড়ে তাঁর ওপর পড়ে। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মতিউল ইসলাম টোকাই ইউসুফের মৃত্যুর বর্ণনা দিয়ে বলেন, আইস ফ্যাক্টরি সড়কের টিনচালার ঘর পরিষ্কার করছিল ইউসুফ। হঠাৎ টিনের ঘরটিতে বিদ্যুৎ পরিবাহিত হয়। সেখানেই ইউসুফ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।টানা বৃষ্টিতে গতকাল ভোর থেকে নগরের মুরাদপুর, প্রবর্ত্তক মোড়, বহদ্দারহাট, কাপাসগোলা, শুলকবহর, চকবাজার, ষোলশহর, আগ্রাবাদ, হালিশহরসহ নগরের বিস্তীর্ণ এলাকা হাঁটু থেকে কোমরপানিতে তলিয়ে যায়। ফলে নগরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের সড়ক যোগাযোগ সাময়িক বিচ্ছিন্ন হয়ে পড়ে। একমাত্র রিকশা ছিল যোগাযোগের বাহন। নগরের ও আর নিজাম রোডের বাসিন্দা আবুল হাশেম সাপ্তাহিক ছুটির দিন গ্রামের বাড়ি সাতকানিয়ায় যান। ষোলশহর থেকে বহদ্দারহাট পর্যন্ত নগরের প্রধান সড়কটি পানিতে তলিয়ে যাওয়ায় তাঁর যাত্রার বিলম্ব ঘটে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নগরের জলাবদ্ধতা প্রধান সমস্যা। কিন্তু বিষয়টি নিয়ে ভোটের রাজনীতি হয়। আসল কাজটা কেউ করছে না।’