টানা বৃষ্টিতে চরম দুর্ভোগে মানুষ
মহাসেনের ক্ষতি না কাটাতেই কালবৈশাখী ও প্রবল বৃষ্টির কবলে পড়েছে ভোলা ও পটুয়াখালীর বাসিন্দারা। ফলে মহাসেনের তাণ্ডবে ঘরহারা ও ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।পাশাপাশি সবজি, তিল, বাদামসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। পচে যাচ্ছে কৃষকদের সেদ্ধ করা বোরো ধান। গত বুধবার সকালে পটুয়াখালীর মির্জাগঞ্জের দেউলীসুবিদখালী ইউনিয়নের মেহেন্দিয়াবাদ গ্রামের পায়রা নদীর তীরে গিয়ে দেখা গেছে, ঘরবাড়ি হারানো পরিবারগুলোর সদস্যরা বৃষ্টিতে ভিজছে। পলিথিন দিয়ে তিন সন্তানকে আগলে রাখতে দেখা গেল জেসমিন বেগম নামের এক নারীকে। তিনি জানান, তাঁদের মাথা গোঁজার ছাপরাঘরটিও ভেঙে চুরমার হয়ে গেছে। কয়েক দিন থেকে বৃষ্টিতে ভিজতে হচ্ছে তাঁদের। দেউলীসুবিদখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুস ছালাম জানান, মহাসেনের আঘাতে তাঁর ইউনিয়নের মোট ৯৭৪টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে ৫৫টি ঘর। ঘরহারা ব্যক্তিদের মাথা গোঁজার ঠাঁইয়ের ব্যবস্থা করতে না পারলে সামনে বৃষ্টির মৌসুমে দুর্ভোগ আরও তীব্র আকার ধারণ করবে। মহাসেনে জেলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কলাপাড়া উপজেলা। এ উপজেলার লালুয়া ইউনিয়নের চর চান্দুপাড়া গ্রামের দিনমজুর নিজাম মোল্লার স্ত্রী আকলিমা বেগম বলেন, মহাসেন আঘাত হানার পর আশ্রয়কেন্দ্র থেকে ফিরে এসে দেখেন গাছ পড়ে তাঁদের বসতঘরটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। ভেঙে পরা গাছটি সরিয়ে ঘর মেরামত করার সামর্থ্য তাঁদের নেই।এদিকে ভোলায় সাত দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। শুকাতে না পারায় কৃষকদের সেদ্ধ করা বোরো ধান পচে যাচ্ছে। তিল, বাদামসহ অন্যান্য ফসল ও সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। মহাসেনের আঘাতে ঘরবাড়ি হারানো মানুষ বৃষ্টির মধ্যে চরম মানবেতর জীবন যাপন করছেন।ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শান্তি রঞ্জন মণ্ডল বলেন, মহাসেনের দিন বৃষ্টি হয় ৬৪ মিলিলিটার, আর গত এক সপ্তাহে বৃষ্টি হয়েছে ১৩৫ থেকে ১৪০ মিলিলিটার। মহাসেন ফসলের যা ক্ষতি করছে, টানা বর্ষণ তাঁর চেয়ে অনেক বেশি ক্ষতি করছে। সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামের আবদুর রহিম বলেন, গত ১৭ মে তিনি ১০ মণ ধান সেদ্ধ করেন। ওই দিন বিকেল থেকে তুমুল বৃষ্টি শুরু হয়। ধান শুকাতে না পারায় সেদ্ধ এখন পচন ধরেছে। বর্তমানে ঋণ করে চাল কিনে সংসার চালাচ্ছেন তিনি। ওই গ্রামসহ জেলার বিভিন্ন এলাকার শতাধিক কৃষক একই কথা জানিয়েছেন। এদিকে টানা বৃষ্টির কারণে দৌলতখান, চরফ্যাশন, মনপুরা ও লালমোহন উপজেলায় মহাসেনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে। মহাসেনের আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা চরফ্যাশন উপজেলার মুজিবনগরের ৭ নম্বর ওয়ার্ডের কয়েকজন বাসিন্দা বলেন, ভেঙে পড়া ঘর তাঁরা মেরামত করাতে পারেননি। ঘরের চালে পলিথিন দিয়ে কোনো রকমে দিন পার করছেন তাঁরা। চর কুকরিমুকরি ইউপির চেয়ারম্যান হাসেম মহাজন ও ঢালচরের চেয়ারম্যান আবুল কালাম পাটওয়ারী বলেন, মহাসেনের আঘাতের পর আকাশ এক দিনের জন্যও পরিষ্কার হয়নি। রোদ উঠে মেঘে মিলিয়ে যায়। তুমুল বৃষ্টি হচ্ছে। ঘরহারা মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছে।ভোলা জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, গত পাঁচ-ছয় দিন তিনি জেলার বিভিন্ন স্থানে ঘুরে কৃষকের দুরবস্থা দেখেছেন। মহাসেনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ত্রাণ দেওয়া হচ্ছে।