তিন দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলায় একলাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এদিকে মৌলভীবাজারের কুলাউড়া এবং জুড়ী উপজেলায় ৪৩টি গ্রামের প্রায় ৭০ হাজার মানুষ পানিবন্দী। জুড়ীতে টিলাধসে বাড়ি ভেঙে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য আহত হয়েছেন। টিলাধসে আটটি পরিবারের বসতঘর ক্ষয়ক্ষতি হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শনিবার রাত থেকে দুই উপজেলার বিভিন্ন এলাকায় অবিরাম বর্ষণ শুরু হয়। গতকাল সোমবার দুপুর পর্যন্ত তা চলে। এতে কুলাউড়ার ভূকশিমইল ইউনিয়নের কাড়েরা, বড়দল, কানেহাত, কালেশা, গৌড়করণ, মুক্তাজিপুর, বাদে ভূকশিমইল, চিলারকান্দি, শশারকান্দি, কোরবানপুর ও মদনগৌরী; কাদিপুর ইউনিয়নের ছকাপন, ফরিদপুর, কিয়াতলা, রফিনগর, চুনঘর, গুপ্তগ্রাম, মৈন্তাম, গোপীনাথপুর, কৌলারশি, গোবিন্দপুর, কাকিচার, লক্ষ্মীপুর, সুলতানপুর, অলিপুর ও মিয়ারমহল; জয়চণ্ডী ইউনিয়নের কামারকান্দি, গিয়াসনগর, বেগমানপুর ও আবুতালিপুর; জুড়ীর জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও, সোনাপুর, পশ্চিম কালিনগর, গৌরীপুর, ভোগতেরা ও জাঙ্গিরাই এবং পশ্চিম জুড়ী ইউনিয়নের পশ্চিম আমতৈল, চক, খাকটেকা, কালনীগড়, হরিরামপুর, বাছিরপুর ও ধামাই চা-বাগান এলাকা প্লাবিত হয়।
ভূকশিমইলের ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির বলেন, তাঁর এলাকার ৪৫ হাজার লোক পানিবন্দী অবস্থায় রয়েছেন। উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের তিনি বিষয়টি জানিয়ে ত্রাণ সহায়তা চেয়েছেন।
কাদিপুরের ইউপি চেয়ারম্যান আবদুস সালাম বলেন, চার-পাঁচ হাজার মানুষ পানিবন্দী। ছকাপন প্রাথমিক বিদ্যালয় এবং ছকাপন উচ্চবিদ্যালয় ও কলেজে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
জয়চণ্ডীর ইউপি চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ বলেন, ‘পানি বেড়ে এখন বাড়িঘরে ঢুকতে শুরু করেছে। পাঁচ হাজার মানুষ পানিবন্দী।’
এলাকাবাসী জানান, অবিরাম বর্ষণে গত রোববার দিবাগত রাত চারটার দিকে জুড়ীর গুচ্ছগ্রাম এলাকার বাসিন্দা স্থানীয় জায়ফরনগর ইউপির ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য রওশন আরা খানমের বসতঘরের পাশের টিলা ধসে পড়ে। পরিবারের অন্য সদস্যরা দ্রুত বেরিয়ে পড়লেও রওশন আরা মাটিচাপা পড়ে আটকা পড়েন। আশপাশের লোকজন ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করেন। তিনি স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সকাল সাতটার দিকে একই এলাকায় টিলাধসে দেলোয়ার হোসেন, হীরা মিয়া, তাজিরুন বেগম, জিবলু মিয়া, রাজেল মিয়া, নসু মিয়া, জয়নাল মিয়া ও তজম্মুল আলীর বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। তাঁদের অনেকে বাড়ি ছেড়ে পার্শ্ববর্তী কে বি এহিয়া প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন।
জায়ফরনগরের ইউপি চেয়ারম্যান মাছুম রেজা বলেন, বন্যায় তাঁর এলাকার ১০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
পশ্চিম জুড়ীর ইউপি চেয়ারম্যান শ্রীকান্ত দাস বলেন, বিভিন্ন গ্রামের পাঁচ হাজার লোক পানিবন্দী। গ্রামের রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে।
কুলাউড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মো. গোলাম রাব্বী বলেন, বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। কয়েকটি এলাকায় আশ্রয়কেন্দ্র প্রস্তুত করে রাখা হয়েছে। ঈদুল ফিতর উপলক্ষে জেলা প্রশাসন থেকে ১০৬ মেট্রিক টন চাল পাওয়া গেছে।
জুড়ীর ইউএনও মিন্টু চৌধুরী বলেন, চলতি জুন মাসের প্রথম সপ্তাহে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এখন আবারও বৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যা দেখা দেওয়ায় মানুষের দুর্ভোগ বেড়ে গেছে। ঈদুল ফিতর সামনে রেখে জেলা প্রশাসন থেকে প্রায় ৯২ মেট্রিক টন চাল পাওয়া গেছে।
এদিকে সিলেটের ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত হয়ে লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে বলে উপজেলা প্রশাসন ও স্থানীয় ব্যক্তিদের সূত্রে জানা গেছে। এ ছাড়া বালাগঞ্জের উপজেলা হিসাবরক্ষণ অফিস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস, কৃষি অফিসসহ একাধিক সরকারি কার্যালয়ের সামনে হাঁটুসমান পানি হয়েছে।
ওসমানীনগরের ইউএনও মো. মুনিরুজ্জামান জানান, বন্যার্তদের সহায়তার জন্য সরকারিভাবে ছয় মেট্রিক টন চাল এসেছে। বালাগঞ্জের ইউএনও প্রদীপ সিংহ বলেন, পাঁচ মেট্রিক টন চাল সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়েছে।