টানা বৃষ্টিতে চিনির খালাস কার্যক্রম ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ দিন ধরে টানা বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম বন্দরে তিন জাহাজের চিনি খালাসের কার্যক্রম ব্যাহত হচ্ছে। গত সপ্তাহে যে পরিমাণ চিনি খালাস করা হয়েছে, এ সপ্তাহে তার চেয়ে অন্তত ৫৮ হাজার মেট্রিক টন চিনি কম খালাস হওয়ায় বাজারে সরবরাহ-সংকট দেখা দেওয়ার আশঙ্কা করা হচ্ছে। বন্দর সূত্র জানায়, বর্তমানে বন্দরে থাকা চিনিবাহী জাহাজগুলো হচ্ছে এমভি ম্যাগনাম এনার্জি, এমভি আমনা এস ও এমভি মার্গারিটা এম। এই তিন জাহাজে অশোধিত চিনি (র সুগার) আমদানি করা হয় প্রায় এক লাখ মেট্রিক টন। আজ মঙ্গলবার ৪১ হাজার ২৪০ মেট্রিক টন এ ধরনের চিনি আনছে এমভি জাহান মণি নামের আরও একটি জাহাজ। অশোধিত চিনি জাহাজ থেকে খালাস করে দুই-তিন দিনের মধ্যে কারখানায় নেওয়া হয়। এরপর শোধিত চিনি হিসেবে তা বাজারে ছাড়তে সময় লাগে আরও দুই-তিন দিন। এ প্রসঙ্গে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ‘জাহাজ বন্দরে ভেড়ার পর কারখানা চালু করে রেখেছি। কিন্তু বৃষ্টির কারণে খালাস-কার্যক্রম ব্যাহত হচ্ছে।’ বন্দর ও জাহাজ কোম্পানি সূত্রে জানা গেছে, ১ আগস্ট বন্দরের বহির্নোঙরে ভেড়ে সিটি গ্রুপের ৪৯ হাজার ৯০০ টন চিনিবাহী জাহাজ এমভি ম্যাগনাম এনার্জি। গত আট দিনে এই জাহাজ থেকে চিনি খালাস করা হয়েছে মাত্র ১৩ হাজার ৩০০ টন। অথচ বৃষ্টি না হলে একই সময়ে জাহাজের সব চিনি খালাস করা সম্ভব ছিল বলে জানা যায়।একইভাবে ৫ আগস্ট মেঘনা গ্রুপের অপরিশোধিত চিনি নিয়ে এমভি আমনা এস জাহাজটি ভেড়ে বহির্নোঙরে। গত তিন দিনে জাহাজটি থেকে মাত্র চার হাজার ৫০ টন অপরিশোধিত চিনি খালাস করা হয়েছে। বৃষ্টি না হলে একই সময়ে খালাস করা যেত অন্তত ১৮ থেকে ২০ হাজার টন। একই গ্রুপের ৪১ হাজার ২০০ টন চিনি নিয়ে কাল বন্দরে জাহান মণির ভেড়ার কথা রয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে এই জাহাজ থেকেও চিনি খালাস করার সুযোগ থাকবে না।সূত্রমতে, আবদুল মোনেম লিমিটেডের নামে আমদানি করা এমভি মারগারিটা এম জাহাজ থেকেও চিনি খালাস ব্যাহত হচ্ছে। এই জাহাজে এখনো তিন হাজার টন চিনি রয়েছে। গত এক সপ্তাহে খালাস হয়েছে মাত্র পাঁচ হাজার টন। আবহাওয়া স্বাভাবিক থাকলে পাঁচ দিন আগেই জাহাজের সব চিনি খালাস করা সম্ভব ছিল।স্থানীয় আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা জানান, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও আশপাশের এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। খুচরা বাজার ঘুরে দেখা গেছে, খুচরা বিক্রেতারা পরিবেশকদের কাছ থেকে চাহিদানুযায়ী চিনি পাচ্ছেন না। দোকানের নিবন্ধনপত্র দেখিয়ে তাঁরা এক-দুই বস্তা করে চিনি সংগ্রহ করছেন। রেয়াজুদ্দিন বাজারের বায়েজিদ স্টোরের পরিচালক আহমেদ কবীর গতকাল প্রথম আলোকে বলেন, ‘দিনে কয়েক বস্তা চিনির চাহিদা থাকলেও খাতুনগঞ্জ থেকে কেজিপ্রতি ৬৪ টাকা দরে এক বস্তা করে চিনি কিনতে পারছি। এ কারণে ক্রেতাদেরও রেশনিং করে চিনি দিচ্ছি। খুচরা বাজার ছাড়াও চট্টগ্রামের প্রায় নয়টি ন্যায্যমূল্যের বিক্রয়কেন্দ্রে চিনি সরবরাহ দেওয়া হচ্ছে।’