টানা বৃষ্টিতে জলমগ্ন বরিশাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবিরাম বৃষ্টিতে বরিশাল নগরের বেশির ভাগ এলাকাই তলিয়ে গেছে। বেড়েছে নগরবাসীর ভোগান্তি। ছবিটি গতকাল সকালে সদর রোড থেকে তোলা l প্রথম আলো
অবিরাম বৃষ্টিতে বরিশাল নগরের বেশির ভাগ এলাকাই তলিয়ে গেছে। বেড়েছে নগরবাসীর ভোগান্তি। ছবিটি গতকাল সকালে সদর রোড থেকে তোলা l প্রথম আলো

গত শনিবার দিবাগত রাত তিনটা থেকে শুরু। ছিল গতকাল রোববার দিনভর। টানা বৃষ্টিতে বরিশাল শহর জলমগ্ন হয়ে পড়েছে। কোথাও কোথাও জমেছে তিন-চার ফুট পানি। ডুবে গেছে অনেক বাড়ির নিচতলা। সঙ্গে বিদ্যুৎ না থাকায় ভীষণ দুর্ভোগে নগরবাসী।
বরিশাল আবহাওয়া কার্যালয়ের জ্যেষ্ঠ পর্যবেক্ষক মো. মিলন হাওলাদার জানান, শনিবার দিবাগত রাত তিনটা থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত ১৫ ঘণ্টায় ২৭২ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা ৪৯ বছরের মধ্যে রেকর্ড। ১৯৬৭ সালের ১০ নভেম্বর ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল ২৫৮ মিলিমিটার।
সরেজমিনে দেখা গেছে, শহরের অপেক্ষাকৃত উঁচু রাস্তাগুলোও বৃষ্টির পানিতে ডুবে গেছে। সদর রোডের অনেক ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে পড়েছে পানি। তাতে ভিজে গেছে দোকানের অনেক মালপত্র। বই বিক্রির অন্যতম প্রতিষ্ঠান ‘বুক ভিলা’র কর্মীরা পানি সেচে বই রক্ষার চেষ্টা চালান। দোকানটির বেশ কিছু বই পানিতে নষ্ট হয়ে গেছে।
বটতলা এলাকায় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানসহ বাসাবাড়িতে প্রায় এক ফুট পানি জমেছে। বিএম স্কুল প্রথম গলিতে দেখা গেছে তিন ফুটের বেশি পানি। এই এলাকার বাসিন্দা শামিমা ইসলাম জানান, তাঁদের বাড়ি মূল রাস্তা থেকে দুই ফুট উঁচু। তারপরও তাঁদের নিচতলায় পানি উঠেছে।
নগরবাসীর ভাষ্য, বৃষ্টির পানি দ্রুত সরে যাওয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় পুরো শহরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বর্তমানে অমাবস্যা কিংবা পূর্ণিমার জোয়ার নেই। বৃষ্টির সঙ্গে জোয়ারের পানি যোগ হলে দুর্ভোগ আরও বাড়ত।
গতকাল বিকেল চারটার দিকে সদর রোড এলাকায় কথা হয় ইজিবাইকযাত্রী মো. কামাল সরদারের সঙ্গে। বাবুগঞ্জ উপজেলার এই বাসিন্দা বলেন, ‘আমরা ভাবতাম বরিশাল শহরের মানুষ কত ভালো আছে! কিন্তু এ রকম পানির নিচে বাড়িঘর ডুবে থাকে, এটা ধারণায়ও ছিল না। দেখে মনে হচ্ছে, আমরা উপজেলার মানুষই অনেক ভালো আছি।’
শহরের আলেকান্দা এলাকার বাসিন্দা মো. ফারুক হোসেন বলেন, ‘আলেকান্দা একটু উঁচু। কিন্তু এবার আমার বাড়ির নিচতলাও ডুবে গেছে।’ কালীবাড়ি রোডের আজমল হোসেন বলেন, একদিকে পানি, অন্যদিকে বিদ্যুৎ নেই। চরম দুর্ভোগে আছে শহরের মানুষ।
যোগাযোগ করা হলে বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামাল প্রথম আলোকে বলেন, এত বৃষ্টি হয়েছে যে নালা দিয়ে পানি সরলেও জলাবদ্ধতা কমছে না। তিনি বলেন, এমনিতেই এবার বৃষ্টিতে শহরের রাস্তাগুলো নষ্ট হয়ে গেছে। টানা বৃষ্টিতে আরও ক্ষতি হবে। পানি দ্রুত অপসারণের জন্য সকাল থেকে পরিচ্ছন্নতাকর্মীরা কাজ করছেন।
বরিশালের ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) নির্বাহী প্রকৌশলী মো. আমজাদ হোসেন বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রথম আলোকে বলেন, ‘বৃষ্টি ও ঝড়ে বেশ কিছু স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। বিদ্যুৎ বিভাগের কর্মীরা কাজ করছেন। আশা করছি, দ্রুততম সময়ের মধ্যে সংযোগ দিতে পারব।’
সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টি হচ্ছিল। জলাবদ্ধতাও কমেনি।