টানা বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম

টানা দ্বিতীয় দিনের বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বেশির ভাগ এলাকা পানিতে ডুবে গেছে। বৃষ্টি আর জলাবদ্ধতার কারণে মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। দুই দিনের বৃষ্টিতে অনেক বাসায় পানি ঢুকেছে। বৃষ্টিতে নগরের রহমাননগর এলাকায় দেয়ালধসে একজন নিহত ও দুজন আহত হয়েছেন।
পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকাল নয়টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২১১ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ নিয়ে গত ৪৮ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৫৩৭ দশমিক ৪ মিলিমিটার। বৃহস্পতিবার রাত থেকে এই বৃষ্টি শুরু হয়। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ উপকূলীয় এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালা সৃষ্টির কারণে এই বৃষ্টিপাত হচ্ছে।
দেয়ালধসে নিহত: নগরের বায়েজিদ বোস্তামী এলাকার রহমাননগর এলাকায় বৃষ্টির সময় শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে সীমানাদেয়াল ধসে কাঁচা বাড়ির ওপর পড়ে। ওই ঘরে থাকা তিন শ্রমিক এ সময় আহত হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মো. আসলাম (৩০) নামের একজনকে মৃত ঘোষণা করেন। আহত অন্য দুজন হলেন মো. মামুন (২৫) ও শেফাজুল (৩০)।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন জানান, অতিরিক্ত বৃষ্টির কারণে রাতে সীমানা-দেয়ালধসে ঘরটির ওপর পড়লে হতাহতের ঘটনা ঘটে৷
বিপর্যস্ত জনজীবন: টানা বৃষ্টিতে চট্টগ্রামের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নগরের বাকলিয়া, আগ্রাবাদ, চকবাজার কাপাসগোলা, ষোলশহর, মুরাদপুর, বহদ্দারহাট, আগ্রাবাদ, হালিশহরসহ বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে যায়। এসব এলাকায় যানবাহন চলাচলও দীর্ঘ সময় বন্ধ থাকে। স্থানীয় লোকজন চরম দুর্ভোগের শিকার হন। চকবাজার, কাপাসগোলা ও বহদ্দারহাটের বিভিন্ন দোকান ও বাসায় পানি ঢুকেছে।
বাদুরতলার বাসিন্দা মো. ইসহাক জানান, বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে তাঁদের বাসায় পানি ঢুকেছে আর নেমেছে। একটু ভারী বৃষ্টি হলেই ঘরে হাঁটু পরিমাণ পানি উঠে যায়। বৃষ্টি থামলে পানি নেমে যায়। এভাবে দুই দিনে অন্তত পাঁচবার পানি ঢুকেছে বলে তিনি জানান।
প্রায় একই অবস্থা নগরের বাকলিয়া ডিসি রোড ও কাপাসগোলা এলাকার। এখানে বিভিন্ন বাসা ও রাস্তার পাশের দোকানগুলোতে কয়েক দফা পানি ঢুকেছে। স্থানীয় দোকানদার মো. শফিক বলেন, ‘কাল থেকে কয়েকবার দোকান পরিষ্কার করেছি। বারবার পানি ঢুকে অনেক জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে৷’ বাকলিয়ার ডিসি রোডের বাসিন্দা মনিরুজ্জামান বলেন, ‘শুক্রবার রাতে ঘরে পানি ঢোকে। বাড়তে বাড়তে কোমর পর্যন্ত হয়। সব আসবাব, কাপড়চোপড়, ঘরের মূল্যবান কাগজপত্র ভিজে গেছে। ঘরের মহিলা আর শিশুদের আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দিয়ে এখন আমি একা পাহারা দিচ্ছি।’
মনিরুজ্জামানের পাশের ঘরে দেখা গেল মোটর চালিয়ে ঘর থেকে পানি বের করছেন। সে ঘরের বাসিন্দা হাসান বললেন, ‘ঘরে পানি ঢুকলে বের হতে চায় না। এখন মোটর দিয়ে পানি সরাচ্ছি। যদি আবার বৃষ্টি হয়, আবারও পানি ঢুকবে। এখন আকাশে মেঘ দেখলেই বুক ধড়ফড় করে।’
চান্দগাঁও বি ব্লকের বাসিন্দা ফয়েজুল মতিন জানালেন, ‘নিচের তলার প্রায় প্রতিটি ঘরে পানি ঢুকেছে। বহদ্দারহাট পানিতে থই থই করছে। ঘর থেকে কাজে যেতে পারিনি পানির জন্য।’
এদিকে প্রবল বৃষ্টির কারণে রাস্তাঘাটে যানবাহন খুবই কম চলাচল করেছে। দোকানপাট ও বিভিন্ন বিপণিকেন্দ্রে লোকজনের উপস্থিতি ছিল কম। বহু সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত করা হয়। নগরের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ক্লাস হয়নি।
সতর্কবার্তা: ঝোড়ো হাওয়া অব্যাহত থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আরও বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। আবহাওয়া দপ্তর টানা ভারী বর্ষণের কারণে জলোচ্ছ্বাসের আশঙ্কা করছে। সঞ্চালনশীল মেঘমালার প্রভাবে উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং এগুলোর অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে এক-দুই ফুট অধিক উচ্চতায় প্লাবিত হতে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে: অতিবৃষ্টির কারণে পাহাড়ধসের শঙ্কা দেখা দেওয়ায় নগরের ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে বাসিন্দাদের সিরয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে৷ গতকাল সকাল থেকে নগরের মতিঝরনা, বাটালিপাহাড় এলাকার শতাধিক বাসিন্দাকে সরিয়ে েনওয়া হয়৷ এই বাড়িগুলোর বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে৷ এর আগে গত শুক্রবার মাইকিং করে এবং সরেজমিনে গিয়ে ওই বাসিন্দাদের পাহাড় থেকে সরে যাওয়ার অনুরোধ জানানো হয়৷
চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম আবদুল কাদের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কার্যক্রম তদারক করছেন। তিনি জানান, ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ৬৬৬ পরিবারকে সরিয়ে নেওয়া হচ্ছে৷