টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, ঘরে-বাইরে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিক মিয়া অ্যাভিনিউ
মানিক মিয়া অ্যাভিনিউ

ভোর থেকে টানা বৃষ্টি। তাতে দক্ষিণ বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগ, মৌচাক, শাহজাহানপুর, শান্তিনগর, বেইলি রোড, ফকিরাপুল, আরামবাগ, মতিঝিল, সচিবালয়, সেগুনবাগিচা, নিউ ইস্কাটন, পুরান ঢাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু এলাকা, আজিমপুর, ধানমন্ডি ২৭ নম্বর, মানিক মিয়া অ্যাভিনিউ, খামারবাড়ি, তেজতুরী বাজার, মিরপুর, কাজীপাড়া, কারওয়ান বাজার, তেজগাঁও, খিলক্ষেত, গুলশান, বাড্ডাসহ বিভিন্ন এলাকায় পানি জমে যায়। রাস্তায় পানির কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়। সারা দিন ঘরে-বাইরে ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে।

তেজতুরী বাজার
তেজতুরী বাজার

খিলগাঁওয়ের বাসিন্দা ব্যবসায়ী নিজাম উদ্দিন প্রথম আলোকে বললেন, ‘বৃষ্টির দিনে মৌচাকে যাওয়া মানেই বিভীষিকা। আর রিকশাওয়ালারা ৫০ টাকার ভাড়া চায় ১৫০ টাকা। এই শহরে আর থাকতে ভালো লাগে না।’

বেলা দেড়টায় ডিআইটি রোডে এক ডেকোরেটরের দোকানে কর্মচারী নয়ন প্লাস্টিকের বেলচা দিয়ে পানি সেচে বাইরে ফেলছেন। তিনি বলেন, ‘সকাল ১০টায় দোকানডা খুইল্লাই দেহি হাঁটুসমান পানি। পানি ফেলতে গিয়া হাত ব্যথা হয়া গেছে, মাগার পানি আর কমতাছে না।’

কারওয়ান বাজার
কারওয়ান বাজার

যানজটে নাকাল ছিল পুরো নগর। বেলা দুইটায় মগবাজারে কথা হয় আয়াত পরিবহনের চালক মো. আনোয়ারের সঙ্গে। মৌচাক মোড়ে বাহনের দীর্ঘ সারি দেখে তিনি গাড়ির ইঞ্জিন বন্ধ করে গালে হাত দিয়ে বসে আছেন। আনোয়ার প্রথম আলোকে বলেন, ‘কী আর করুম ভাই। বইসা বইসা মাইনষের হাঁটা দেখি। এত জ্যামে গাড়ি চালাইতে আর ভালো লাগে না। মাঝে মাঝে মনডায় চায় গাড়ি চালান ছাইড়া দেই।’ আরামবাগ বাসস্ট্যান্ড এলাকায় চায়ের দোকানের মালিক রশিদ মিয়া বললেন, ১২ জুলাইয়ের বৃষ্টিতে এখানে হাঁটুপানি হয়েছিল। কিন্তু আজ (গতকাল) হয়েছে কোমরপানি।

সচিবালয়
সচিবালয়

বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) একটি বাস (ঢাকা মেট্রো ব-১১-৫৩৯৩) বিকল হয়ে থেমে গেল। হেলপার চিৎকার করে যাত্রীদের নেমে যেতে বললেন। যাত্রীরা অসহায়ভাবে নেমে গেলেন সেই কোমরপানিতে।

বেলা দেড়টার দিকে দেখা যায়, মধুমিতা সিনেমার বিপরীত দিকে ইসমাইল ম্যানশন থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জ, আমেরিকান লাইফ ইনস্যুরেন্স ভবনের সামনে পানি আর পানি। সেখানে সড়ক বিভাজকটি প্রায় ডুবে যাচ্ছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে বেরোনোর জন্য কাঠের সিঁড়ি পাতা হয়েছে।

শান্তিনগর–বেইলী রোড
শান্তিনগর–বেইলী রোড

পশ্চিম তেজতুরী বাজারের অনামিকা গলির পানিতে বাসাবাড়ির আবর্জনা, ভাঙা কাঠ, চিপসের প্যাকেট, পানি ও পানীয়ের খালি বোতল ভাসছে। আর এই আবর্জনাযুক্ত পানির মধ্যেই নিজ নিজ কর্মক্ষেত্র ও বিদ্যালয়ে যেতে দুর্ভোগে পড়তে হচ্ছে এ এলাকায় বসবাসকারী মানুষের।

এই গলিতেই বাড়ি ফয়সাল আজিমের। তিনি বলেন, ‘এক ঘণ্টা বৃষ্টি হলেই এই গলিতে পানি জমে যায়। আর বৃষ্টি থামার পরও চার-পাঁচ ঘণ্টা পানি সরে না। টানা বৃষ্টিতে পানি জমে বাড়ির নিচতলা ডুবে যায়। এতে বাসার পানির মোটর ও পানির ট্যাঙ্কিতে ময়লা পানি ঢুকে পুরো পানিই নোংরা হয়।’

পশ্চিম তেজতুরী বাজারের এই গলি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের অধীনে পড়েছে। ওয়ার্ড কাউন্সিলর শামীম হাসান বলেন, ‘এই ওয়ার্ডে কাজের জন্য পাঁচ কোটি টাকার বরাদ্দ হয়েছে। আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি নাগাদ ওয়ার্ডের নিচু গলিগুলো উঁচু করা হবে এবং নালা পরিষ্কার করা হবে। কাজের জন্য দরপত্র হয়ে গেছে। এখন বৃষ্টির কারণে কাজ করা যাচ্ছে না। ইনশা আল্লাহ কাজ হবে।’

বংশাল
বংশাল

ছয় মাস ধরে বিভিন্ন সড়কে চলা উন্নয়নকাজের ‘ভোগান্তিতে’ নাকাল মিরপুরবাসীর যন্ত্রণা বাড়িয়ে দিয়েছে শ্রাবণের বৃষ্টি। গতকাল শেষ রাত থেকে টানা বৃষ্টিতে তৈরি হওয়া জলজটে এই সড়কগুলো হয়ে ওঠে আরও বিপদসংকুল।

মিরপুর
মিরপুর

আগারগাঁও থেকে মিরপুর ১২ নম্বর পর্যন্ত সড়কে চলছে মেট্রোরেলের নির্মাণকাজ। এ জন্য দুই পাশে খুঁড়ে রাখা সড়কের প্রায় দুই-তৃতীয়াংশ আবার মাটি ফেলে ভরাট করা হলেও তা বেশির ভাগ জায়গায় অসমতল। জায়গায় জায়গায় রয়ে গেছে বড় বড় গর্ত। এ ছাড়া ইনডোর স্টেডিয়াম থেকে ১২ নম্বর পর্যন্ত সড়কের এক পাশ এখনো কেটে রাখা হলেও নেই কোনো সতর্কতামূলক ব্যবস্থা। তাই স্বাভাবিক সময়েও এই রুটটিতে যানজট লেগেই থাকে। গতকালের বৃষ্টি ও জলজটে তা মাত্রা ছাড়িয়ে যায়।