টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট-বড় সড়কগুলোতে জলাবদ্ধতা৷ বসতঘর, বাড়ির উঠান, স্কুল-কলেজ, এমনকি সরকারি-বেসরকারি বিভিন্ন অফিসও পানিবন্দী৷ ফসলের মাঠও তলিয়ে গেছে বৃষ্টির পানিতে৷ অনেকে ঘর থেকে বালতি দিয়ে পানি বের করছেন৷ কেউ খাটের ওপর মালামাল রেখে দঁাড়িয়ে আছেন হাঁটুপানিতে৷ কাজের অভাবে শ্রমজীবী মানুষদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে৷
খুলনা, ফরিদপুর, বাগেরহাট ও মাদারীপুরে টানা বর্ষণে অধিকাংশ এলাকায় এই চিত্র দেখা গেছে৷ আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
খুলনা: ভারী বর্ষণে নগরের অধিকাংশ এলাকায় গতকাল রোববার ভোর থেকে জলাবদ্ধতা দেখা দেয়৷ নগরের রয়্যাল মোড়, শিববাড়ীর মোড়, পিটিআই মোড়, পশ্চিম বাণিয়া খামার, আহসান আহমেদ সড়ক, শান্তিধামের মোড়, রূপসার মোড়, সাত রাস্তার মোড়, শামসুর রহমান সড়ক, পূর্ববানিয়া খামার, টুটপাড়া, নিরালা, খালিশপুর মিলসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে৷ নগরের সংযোগ সড়ক, আশপাশের বাইপাস সড়ক ও বস্তি পানিতে তলিয়ে গেছে৷
স্কুলশিক্ষক মনির হোসেন বলেন, মেয়র নির্বাচনের সময় প্রার্থীরা নগরের জলাবদ্ধতা দূর করার প্রতিশ্রুতি দেন৷ কিন্তু তাঁরা নির্বাচিত হলে কথা রাখেন না৷ স্কুলছাত্রী মনিরা আক্তার বলে, একটু বৃষ্টি হলেই রাস্তায় হাঁটুপানি জমে৷ স্কুলে আসতে গেলে কাপড় ভিজে যায়৷ ভেজা কাপড়ে ক্লাস করতে হয়৷
সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, নদী খনন, নর্দমা নির্মাণ ও খাল পুনঃখননের কাজ চলছে৷ কাজ শেষ হলে এ সমস্যার সমাধান হয়ে যাবে৷
ফরিদপুর: চরভদ্রাসন উপজেলায় গত চার দিনের বর্ষণে সবজিখেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷ উপজেলার চারটি ইউনিয়নের ১১টি গ্রামে জলাবদ্ধতার কারণে প্রায় ৩৪০ একর সবজি ও তিলের মাঠ পানিতে ডুবে গেছে৷
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম বলেন, বিভিন্ন চরে ফসলের মাঠগুলো ডুবে যাওয়ায় সবজি পচে যাওয়ার উপক্রম হয়েছে৷
এ ছাড়া টানা বর্ষণে কাজ না থাকায় দিনমজুরেরা আর্থিক সংকটে পড়েছেন৷ অম্বিকাপুর ইউনিয়নের ভাষানচর গ্রামের বাসিন্দা দিনমজুর রহমান আলী বলেন, ‘গত তিন দিন কাজের জন্য শহরে গিয়ে কোনো কাজ পাইনি৷ বাড়িতে স্ত্রী ও দুই ছেলমেয়ে নিয়ে অভাবের মধ্যে আছি৷’
জেলা আঞ্চলিক আবহাওয়া কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুরজুল আমিন জানান, বৃহস্পতিবার থেকে গতকাল পর্যন্ত ফরিদপুরে ২০৩ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে৷
বাগেরহাট: টানা বৃষ্টিতে বাগেরহাট শহরের নিচু এলাকাসহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে৷ গত তিন দিনে জেলায় এক হাজার ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে৷ পৌরসভার নর্দমাগুলোয় পানিনিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় বাসাবাটি, সাহাপাড়া, হাড়িখালী, মিঠাপুকুরপাড়, মেইন রোড, খানজাহান আলী সড়ক ও বাগেরহাট মডেল থানা বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে৷
এ ছাড়া জেলার মংলা, শরণখোলা, মোরেলগঞ্জ, রামপাল ও বাগেরহাট সদর উপজেলার নিচু এলাকা বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে৷ অনেকের বাড়ির উঠান ও বাগানেও পানি জমেছে৷
কালকিনি (মাদারীপুর): মাদারীপুর শহরের থানতলী, পানিছত্র, পাগদী, পুরানবাজার, খাদগীসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে৷