টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিনের টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে। গতকাল শনিবার বিকেলে নগরের বেশ কিছু এলাকার সড়কে হাঁটুপানি জমে যায়। এতে যান চলাচল বাধাগ্রস্ত হয়। দুর্ভোগে পড়েন মানুষ।
মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে আরও বৃষ্টিপাত ও পাহাড়ধসের আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। সমুদ্রবন্দরগুলোর ওপর ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসন নগরের লালখান বাজার, আকবর শাহ এবং বায়েজিদ এলাকার পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নিতে শুরু করেছে।
জানতে চাইলে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘পাহাড়ি এলাকায় লোকজনকে সরে যেতে মাইকিং করা হচ্ছে। অধিক ঝুঁকিপূর্ণ বসতি থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ চলছে।
গত শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগরে ২৭৩ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানান পতেঙ্গা আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ আবদুল হামিদ।
বৃষ্টিতে নগরের প্রবর্তক মোড়, চকবাজার, কাপাসগোলা, হালিশহর, আগ্রাবাদ, বাকলিয়া, চাক্তাই, চান্দগাঁও আবাসিক এলাকাসহ বিভিন্ন স্থানে হাঁটুপানি উঠেছে। জলাবদ্ধতার কারণে প্রবর্তক মোড় এলাকার সড়কে সিএনজিচালিত অটোরিকশা বিকল হয়ে গেলে যানজট সৃষ্টি হয়। অটোরিকশাচালক শহীদ বলেন, ‘এত পানি জমবে বুঝতে পারেনি।’
বিকেলের দিকে ভারী বৃষ্টি শুরু হলে সড়কে যানবাহনের সংখ্যা কমতে থাকে। এই সুযোগে রিকশা ও অটোরিকশা চালকেরা বাড়তি ভাড়া আদায় করেছেন বলে যাত্রীরা অভিযোগ করেছেন।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া দপ্তর।