টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগ চরমে
গাজীপুর, মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জে গতকাল বৃহস্পতিবার ভোর থেকে টানা পাঁচ-ছয় ঘণ্টা বৃষ্টি হয়। এতে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, মানিকগঞ্জ পৌরসভা, নারায়ণগঞ্জ শহর ও ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধের ভেতরের এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অনেক স্থানে হাঁটু পরিমাণ পানি জমে। বৃষ্টি থামলে বেলা দুইটার পর থেকে বিভিন্ন স্থানে পানি কমতে শুরু করে।
মহাসড়কে হাঁটুপানি, যানজট: গাজীপুর সদর উপজেলার ভোগড়া, চৌধুরীবাড়ি, ঢাকা বাইপাস, বাসন সড়ক, মালেকের বাড়ি, সাইনবোর্ডসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অধিকাংশ স্থানে ভোর থেকে বেলা দুইটা পর্যন্ত হাঁটু পরিমাণ পানি ছিল। জলাবদ্ধতার কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।
ভোগড়া এলাকার গরিব অ্যান্ড গরিব পোশাক কারখানার শ্রমিক সাইফুল ইসলাম বলেন, ‘সকালে অফিসের উদ্দেশে বের হয়ে দেখি, মহাসড়কে পানি থই থই করছে। প্যান্ট-জুতা ভিজে গেছে।’
সাবেক বাসন ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুস সালাম জানান, মহাসড়কের নিচে মোগর খালের প্রবেশপথসহ বিভিন্ন স্থানে অবৈধভাবে দোকানপাট, বাজারসহ বিভিন্ন স্থাপনা গড়ে ওঠায় পানি নিষ্কাশনে বাধার সৃষ্টি হচ্ছে। এতে মহাসড়ক ও এর আশপাশের এলাকা বৃষ্টির পানিতে তলিয়ে যায়।
গাজীপুর সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আকবর হোসেন বলেন, নর্দমাগুলো ভরাট হয়ে যাওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বুধবার কয়েকটি স্থানে ভেকু দিয়ে নর্দমা পরিষ্কার করা হয়। শুক্রবার থেকে ফের ভেকু দিয়ে নর্দমা পরিষ্কার করা হবে। আশা করি জলাবদ্ধতার সমস্যা নিরসন করা যাবে।
টঙ্গী সরকারি হাসপাতালের নিচতলায় পানি: টঙ্গীর ৫০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালের নিচতলায় ওষুধের গুদামঘর, এক্স-রেকক্ষ, জরুরি বিভাগ ও রান্নাঘর এবং হাসপাতালের ভেতরে কর্মচারীদের বাসভবনের নিচতলা ছিল দুই ফুট পানির নিচে। বৃষ্টিতে পাম্প ডুবে বিকল হয়ে যাওয়ায় হাসপাতালে পানির সরবরাহ বন্ধ হয়ে গেছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোহাম্মদ ইসমাইল হোসেন সিরাজী বলেন, মাত্র এক মাস হলো হাসপাতালের সামনের প্রাঙ্গণ উঁচু করা হয়েছে। কিন্তু প্রয়োজন অনুযায়ী নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পানি ঢুকেছে।
জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মাহফুজা ইয়াসমিন জানান, বৃষ্টিতে জমে থাকা পানির কারণে জরুরি বিভাগটি নিচতলা থেকে তৃতীয় তলায় সরিয়ে নেওয়া হয়েছে। সেখানেই আপাতত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
মানিকগঞ্জের সমস্যা নর্দমা: নিয়মিত নর্দমা পরিষ্কার না করায় গতকাল মানিকগঞ্জ শহরের শহীদ সরণি সড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে সদর হাসপাতাল ফটক (গেট) পর্যন্ত হাঁটু পরিমাণ পানি জমে। কর্নেল মালেক সড়কে নর্দমা না থাকায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে রমজান আলী ডিগ্রি কলেজ পর্যন্ত ছিল জলাবদ্ধতা। পথচারীসহ আশপাশের দোকানিরা পড়েন চরম দুর্ভোগে।
বাসস্ট্যান্ড এলাকার ওষুধ ব্যবসায়ী মাসুদ রানা জানান, নর্দমা থাকলেও নিয়মিত পরিষ্কার না করায় সামান্য বৃষ্টি হলেই হাঁটুপানি জমে।
পৌরসভার মেয়র মো. রমজান আলী বলেন, বাসস্ট্যান্ড এলাকায় পানি বের হতে বিলম্ব হওয়ায় সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হয়। কর্নেল সড়কে নর্দমা নির্মাণের জন্য শিগগিরই প্রকল্প নেওয়া হবে।
ডিএনডির ভেতরে ভয়াবহ জলাবদ্ধতা: নারায়ণগঞ্জে গত বুধবার সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তবে গতকাল ভোর ছয়টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত টানা বৃষ্টি হয়। এতে ডিএনডি বাঁধের ভেতরে সদর উপজেলার ফতুল্লার সস্তাপুর, লাল খাঁ, সেহাচর, ওয়াপদারপুল, টাগারপাড়, উত্তর মাসদাইর, জালকুড়ি, ভুঁইগড়, লামাপাড়া, রামারবাগ, নয়ামাটি, ওয়াপদারপুল, পাগলার চিতাশাল, সিদ্ধিরগঞ্জের মিজমিজি, পাইনাদি, কালাহাতিয়ার পাড়, সিআইখোলা, কুতুববাগ, রসুলবাগসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়। এসব এলাকায় বৃষ্টির পানির সঙ্গে শিল্পকারখানার বিষাক্ত বর্জ্য মিশে ব্যাপক দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। শহরের গলাচিপা, কলেজ রোড ও মাসদাইর এলাকার অনেক বাড়িতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
দক্ষিণ সস্তাপুর এলাকার ইউনাইটেড গার্মেন্টস কারখানার মালিক নাসিমুল তারেক মঈন জানান, পানি নিষ্কাশনের খালগুলো অবৈধভাবে দখল ও ভরাট করে ফেলায় পানি সরছে না।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাউছুল আযম জানান, বর্তমানে পানি নিষ্কাশনের খালে ২ দশমিক ২ মিটার ধারণক্ষমতার জায়গায় পানি রয়েছে ২ দশমিক ৬ মিটার। এ কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ডিএনডির জলাবদ্ধতা নিরসনের জন্য তিনটি পাম্প চালু রাখা হয়েছে। আরও পাম্প বসানো প্রয়োজন। খাল দখল ও ভরাটের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ইউএনও।
[প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর ও টঙ্গী প্রতিনিধি]