কয়েক রাতের ভারী বর্ষণে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আড়াই শ হেক্টর ফসলি জমি নিমজ্জিত হয়েছে। এতে ওই এলাকার কৃষকেরা চিন্তিত হয়ে পড়েছেন।
স্থানীয় কৃষকেরা জানান, গত রবি ও সোমবার দিবাগত রাতে কমলগঞ্জ উপজেলায় মুষলধারে বৃষ্টি হয়েছে। এই অবস্থায় সব কটি পাহাড়ি ছড়া, ধলাই ও লাঘাটা নদীর পানি বেড়েছে। ঢলের পানিতে ধীরে ধীরে নতুন করে উঠতি বোরো ফসলি জমি নিমজ্জিত হয়।
গতকাল মঙ্গলবার শমশেরনগর, পতনউষার, মুন্সীবাজার রহিমপুর ইউনিয়ন ঘুরে দেখা যায়, পানিতে বোরো ফসলি জমি ছাড়া গ্রামের অধিকাংশ রাস্তাঘাট ডুবে আছে। পতনউষার ইউনিয়নের কেওলার হাওরের পুরো বোরো ফসল নিমজ্জিত হয়ে পড়েছে।
সরেজমিনে ঘুরে পাওয়া তথ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে, পাহাড়ি ঢলের পানিতে কমলগঞ্জ উপজেলার কমপক্ষে চার ৃশ হেক্টর জমির বোরো ও সবজির খেত ডুবে আছে। কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. শামছুদ্দীন একটি প্রশিক্ষণে ঢাকায় ব্যস্ত থাকায় এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি।