টানা বৃষ্টিতে ডুবেছে রাস্তাঘাট, খেত, জনজীবন স্থবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা বৃষ্টিতে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। ডুবে গেছে শহরের নিচু এলাকাসহ পাড়া-মহল্লার অনেক সড়ক। ছবিটি শহরের নরেশ চৌহান সড়ক থেকে গতকাল বিকেলে তোলা l প্রথম আলো
টানা বৃষ্টিতে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। ডুবে গেছে শহরের নিচু এলাকাসহ পাড়া-মহল্লার অনেক সড়ক। ছবিটি শহরের নরেশ চৌহান সড়ক থেকে গতকাল বিকেলে তোলা l প্রথম আলো

টানা ২০ ঘণ্টার বৃষ্টিতে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। ডুবে গেছে নিচু এলাকাসহ পাড়া-মহল্লার অনেক সড়ক ও সবজির খেত।

ঠাকুরগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরের কোনো কার্যালয় নেই। এ কারণে বৃহস্পতিবার রাত থেকে কী পরিমাণ বৃষ্টি হয়েছে, তা জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। সাড়ে নয়টার মধ্যে শহরের প্রধান প্রধান রাস্তাঘাট হাঁটুসমান পানিতে ডুবে যায়। টানা বৃষ্টি চলে গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত।

গতকাল শুক্রবার সরেজমিনে দেখা গেছে, শহরের চৌরাস্তা, নরেশ চৌহান সড়ক, হলপাড়া, ঘোষপাড়া গোয়ালপাড়া, পূর্ব গোয়ালপাড়া, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠ, গোবিন্দনগর, কলেজপাড়াসহ শহরের অনেক সড়ক তলিয়ে গেছে। এসব সড়ক দিয়ে বিকেল চারটা পর্যন্ত স্রোত বয়ে যেতে দেখা গেছে। ভারী বৃষ্টির কারণে ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশা খুব একটা চোখে পড়েনি। এতে শহরমুখী মানুষকে চরম দুর্ভোগে পড়তে হয়। পথচারী ও যানবাহন চলাচল কমে যায়। শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ থাকে।

ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে ছুটোছুটি করছিল শিশুর দল। বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী উত্তম রায় বলেন, খেলার মাঠে এখন পানি থই থই করছে। শহরের পানিনিষ্কাশনব্যবস্থা কতটা নাজুক, সেটা এই খেলার মাঠের চিত্র দেখলেই বোঝা যায়।

টানা বৃষ্টিতে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের পোকাতি, কহরপাড়া, দানারহাট, গড়েয়ার চণ্ডীপুর, চকহলদি, মিলনপুর, সালন্দরের ইয়াকুবপুর, মণ্ডলপাড়া, শিংপাড়া, আকচার, বড়দ্বেশ্বরী ফাঁড়াবাড়ি, বঠিনাসহ বিভিন্ন গ্রামের নিচু এলাকার সবজির খেত পানিতে ডুবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আকচা ইউনিয়নের ফাঁড়াবাড়ি এলাকার কৃষক যতিন রায় বলেন, আমাদের গ্রামসহ আশপাশের এলাকার দেড় শতাধিক চাষির মুলা, ঝিঙে, বেগুন, করলাসহ সবজির খেত পানিতে ডুবে গেছে।

ঠাকুরগাঁও পৌরসভার মেয়র মির্জা ফয়সল আমিন বলেন, পৌরসভার নালা নিয়মিত পরিষ্কার করা হয়। তবে শহরের বিভিন্ন এলাকায় নালাতে ময়লা-আবর্জনা ফেলায় পানিনিষ্কাশনে সাময়িক সমস্যা হচ্ছে। তিনি দাবি করেন, অতিবৃষ্টির কারণেই শহরজুড়ে এমন জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টি থেমে যাওয়ার কিছু সময়ের মধ্যে শহরের সব পানি নেমে যাবে।