টানা বৃষ্টিতে ত্রাহি নগরবাসীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা বৃষ্টিতে ডুবে গেছে নগরের অনেক এলাকা। কিন্তু কর্মস্থলে তো যেতেই হবে। তাই কোমর সমান পানি পেরিয়েই ছুটছে নগরবাসী। ছবিটি নগরের দুই নম্বর গেট এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ
টানা বৃষ্টিতে ডুবে গেছে নগরের অনেক এলাকা। কিন্তু কর্মস্থলে তো যেতেই হবে। তাই কোমর সমান পানি পেরিয়েই ছুটছে নগরবাসী। ছবিটি নগরের দুই নম্বর গেট এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ

গভীর সঞ্চরণশীল মেঘমালার কারণে চট্টগ্রামে আজ রোববার তৃতীয় দিনের মতো বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সেই সঙ্গে টানা জলাবদ্ধতায় ত্রাহি অবস্থা নগরবাসীর। পানি ঢুকেছে অনেক বাড়িতে। নগরের ষোলশহর, মুরাদপুর, বহদ্দারহাট, কাপাসগোলা, বাকলিয়ায় হাঁটু পরিমাণ পানি জমার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে।

পতেঙ্গা আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ রোববার সকাল নয়টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৮১ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ নিয়ে গত ৭২ ঘণ্টায় ৬১৯ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন বাংলাদেশ উপকূলীয় এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালা সৃষ্টির কারণে এই বৃষ্টিপাত হচ্ছে।

বৃষ্টিতে বাদুরতলা, মোহাম্মদপুর, ডিসি রোড, কাপাসগোলা এলাকায় বাসবাড়িতে তৃতীয় দিনের মতো পানি ঢুকে পড়েছে। কাপাসগোলার বাসিন্দা ইসহাক জানান, গত তিন দিনে এ নিয়ে সাত-আটবার তাঁদের ঘরে পানি ঢুকেছে। বৃষ্টি থামলে পানি নেমে যায়। আবার বৃষ্টি এলে ঘরে হাঁটু থেকে কোমর পানি হয়।

এ ছাড়া বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে অফিসগামীরা এবং স্কুল-কলেজের ছাত্রছাত্রীরাও দুর্ভোগে পড়েছেন। তিন দিন ধরে নগরে যানবাহন চলাচল কমে গেছে। এই সুযোগে রিকশাভাড়া দ্বিগুণ হয়েছে।

এদিকে, পতেঙ্গা আবহাওয়া দপ্তর আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও আশপাশের এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে। একই কারণে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছ ধরার নৌকা ও ট্রলার উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।