টানা বৃষ্টিতে পানিবন্দী শতাধিক গ্রামের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চকরিয়া-বদরখালী-মহেশখালী সড়ক তলিয়ে গেছে বন্যার পানিতে। ছবিটি বাটাখালী সেতু এলাকা থেকে আজ দুপুরে তোলা। ছবি: প্রথম আলো
চকরিয়া-বদরখালী-মহেশখালী সড়ক তলিয়ে গেছে বন্যার পানিতে। ছবিটি বাটাখালী সেতু এলাকা থেকে আজ দুপুরে তোলা। ছবি: প্রথম আলো

কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলায় পানিবন্দী হয়ে পড়েছে অন্তত শতাধিক গ্রামের মানুষ। পাঁচ দিনের টানা বৃষ্টির কারণে মাতামুহুরী নদীর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বেড়িবাঁধ ভেঙে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গতকাল বুধবার রাত ১০টা থেকে এ সব গ্রামে পানি ঢুকতে শুরু করে। বন্যার পানিতে তলিয়ে গেছে চিংড়ি ঘের, সড়ক ও বিভিন্ন ঘর বাড়ি।

সরেজমিনে দেখা গেছে, চিরিঙ্গা-বদরখালী-মহেশখালী সড়ক, জিদ্দাবাজার-কাকারা সড়ক, সুরাজপুর-মানিকপুর সড়ক, পৌরশহরের জনতা মার্কেট-বেতুয়াবাজার সড়ক, খুটাখালী কিশলয় স্কুল সড়ক ও পহরচাঁদা-পেকুয়া সড়ক পানিতে তলিয়ে গেছে। বৃহস্পতিবার সকাল থেকে এ সব সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাহেদুল ইসলাম বলেন, পাহাড়ি ঢল ও বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে পড়ায় অর্ধশতাধিক গ্রামের অন্তত লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

মাতামুহুরী নদীর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চকরিয়া উপজেলার কাকারা, সুরাজপুর-মানিকপুর, কৈয়ারবিল, বরইতলী, হারবাং, সাহারবিল, ফাঁসিয়াখালী, খুটাখালী, বদরখালী, চিরিঙ্গা, বমুবিলছড়ি ও কোনাখালী ইউনিয়নের অন্তত ৪৫টি গ্রাম তলিয়ে গেছে। চকরিয়া পৌরসভার জালিয়াপাড়া এলাকায় শহরের বাঁধ ভেঙে তলিয়ে গেছে পৌরশহরের অন্তত ১০টি গ্রাম। দুর্ভোগ পোহাচ্ছে এ সব গ্রামের বাসিন্দারা।

পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মেহেরনামার বাঘগুজারা বেড়িবাঁধ ও মগনামা ইউনিয়নের কাকপাড়া বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে মগনামা, উজানটিয়া ও পেকুয়া সদর ইউনিয়নের অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। এ ছাড়া পাহাড়ি ঢলে শিলখালী, বারবাকিয়া ও টৈটং ইউনিয়নের অন্তত ১৫টি গ্রাম তলিয়ে গেছে।

চকরিয়ার জনতা মার্কেট থেকে বেতুয়া বাজার সড়ক বন্যার পানিতে ডুবে গেছে। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: প্রথম আলো।
চকরিয়ার জনতা মার্কেট থেকে বেতুয়া বাজার সড়ক বন্যার পানিতে ডুবে গেছে। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: প্রথম আলো।

কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) শরীফ উদ্দিন চৌধুরী বলেন, তাঁর ইউনিয়নের পাঁচটি গ্রামীণ সড়ক ভেঙে গেছে। বন্যা কবলিত লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

শিলখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল হোছাইন বলেন, অন্যবারের চেয়ে এবারের বন্যা ভয়াবহ। তাঁর ইউনিয়নের অন্তত ১২ শ পরিবার মানবেতর জীবনযাপন করছে। প্রতিটি ঘরই গতকাল সকাল থেকে পানির নিচে রয়েছে। লোকজন পার্শ্ববর্তী পাহাড় ও আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে।

পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ বলেন, ইতিমধ্যে বন্যাকবলিত লোকজনকে সাইক্লোন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। মন্ত্রণালয়েও চিঠি পাঠানো হয়েছে।

চকরিয়া থানা ভবনেও ঢুকে গেছে বন্যার পানি। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: প্রথম আলো
চকরিয়া থানা ভবনেও ঢুকে গেছে বন্যার পানি। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: প্রথম আলো

পানি উন্নয়ন বোর্ডের কক্সবাজারের অতিরিক্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজিজ মোহাম্মদ চৌধুরী আজ বিকেলে বলেন, বর্তমানে মাতামুহুরী নদীর পানি বিপদ সীমার পাঁচ ফুট ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চকরিয়ার মাতামুহুরী নদীর বাঘগুজারা রাবারড্যাম পয়েন্টে দুই শ মিটার ও পালাকাটা রাবার ড্যাম সংলগ্ন এলাকায় ৫০ মিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। বিষয়টি মন্ত্রণালয়কে জানানো হয়েছে।