টানা বৃষ্টিতে বিপাকে আশুগঞ্জের চালকল মালিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার দিন ধরে টানা বৃষ্টির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চাতালে ধান শুকানো যাচ্ছে না। লাখ লাখ মণ সিদ্ধ ধান চাতালে ঢেকে রাখা হয়েছে। আবদ্ধ অবস্থায় থাকায় ধান ফুলে উঠছে, ভ্যাপসা গন্ধ বের হচ্ছে। গজিয়ে যাচ্ছে চারা।এ অবস্থায় কোটি কোটি টাকার ধান রক্ষার উপায় খুঁজে পাচ্ছেন না চালকলের মালিক ও ব্যবসায়ীরা। একই কারণে বিপাকে পড়েছেন চাতালশ্রমিকেরাও। চাতালে ধান ছড়াতে না পারায় অন্তত ২০ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন। চালকলের মালিক ও ব্যবসায়ীদের ভাষ্যমতে, দেশের পূর্বাঞ্চলীয় বড় ধান ও চালের মোকাম হলো আশুগঞ্জ। ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেটসহ হাওরাঞ্চলের উৎপাদিত ধানের বড় অংশ আশুগঞ্জে বাজারজাত করা হয়। পাইকারেরা মোকাম থেকে ধান কিনে সরাসরি চাতালে তোলেন। চাতালে রেখে ধান সিদ্ধ, শুকানো ও চাল করা হয়। পরে বস্তাজাত করে তা চট্টগ্রাম, ঢাকা, সিলেট, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। তিন শতাধিক চাতাল ও চালকলের মাধ্যমে আশুগঞ্জে প্রতিদিন লাখ লাখ মণ ধান প্রক্রিয়াজাত হয়ে আসছে। কিন্তু গত মঙ্গলবার থেকে টানা বৃষ্টির কারণে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। প্রতিটি চালকলের মালিক ও ব্যবসায়ীরা বড় অঙ্কের আর্থিক ক্ষতির মধ্যে পড়েছেন।আগের তিন দিনের মতো গতকাল শুক্রবারও সকাল থেকে বৃষ্টি হয়। দুপুরের পর কিছু সময়ের জন্য বৃষ্টি থামলেও রোদের দেখা মেলেনি। দুপুরে আশুগঞ্জে গিয়ে দেখা যায়, বৃষ্টি থামার সুবিধা নিতে পারেননি চাতালশ্রমিকেরা। প্রতিটি চাতালে ধান স্তূপ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখা হয়েছে। অনেক ঢাকনা চুইয়ে ভেতরে ফোঁটা ফোঁটা পানি ঢুকছে। চাতালের ভেতরে শ্রমিকদের আবাসস্থল। কাজ হারিয়ে তাঁরা চাতালে বসে অলস সময় পার করছেন। আর অপেক্ষায় আছেন কখন আকাশ পরিষ্কার হবে।আশুগঞ্জ শহরের আতাউর রহমানের চালকলের শ্রমিক তহুরা বেগম (৪৫) বলেন, উৎপাদনের সঙ্গে নির্ভর করে তাঁদের মজুরি। উৎপাদন বন্ধ, আয়ও বন্ধ। চার দিন ধরে বৃষ্টি হওয়ায় তাঁর মতো অন্তত ২০ হাজার চাতালশ্রমিক বেকার হয়ে পড়েছেন। আগের সঞ্চয় করা টাকা দিয়ে দিন চলছে। অনেকে আগের টাকা না থাকায় ধারদেনা করে চলছেন। মালিক লোকসানে পড়ায় তাঁদের পক্ষেও সহযোগিতা করা সম্ভব হচ্ছে না।একই চালকলের শ্রমিক সাহেরা বানু (৪০) বলেন, ‘এ অবস্থা আর কয়েক দিন চললে চাতালে সব ধান পইচা যাইব। মালিকও মরব, আমরাও মরুম। আমরা অহন রোদের লাইগ্গা দোয়া করতাছি।’স্থানীয় চালকলের মালিক জাকির হোসেন বলেন, ‘চার দিনের বৃষ্টিতে সর্বনাশ হয়ে গেছে। লাখ লাখ মণ ধান শুকানোর জন্য সিদ্ধ করা হয়েছিল। রোদ না ওঠায় তা ঢেকে রাখতে হচ্ছে। এরই মধ্যে ধানের গুণগত মান নষ্ট হয়ে গেছে। অনেক ধান থেকে চাল করা সম্ভব হবে না, হবে চালের গুঁড়া। এরই মধ্যে সব মিলিয়ে কোটি টাকার ধান নষ্ট হয়ে গেছে। আগামীকাল (আজ শনিবার) যদি রোদও ওঠে, তবু এই ধান থেকে এক নম্বর চাল পাওয়া যাবে না। এতে ব্যবসায়ী এবং আমাদের অনেক ক্ষতি হবে।’