টানা বৃষ্টিতে রংপুর শহরে জলাবদ্ধতা
টানা চার দিনের বৃষ্টিতে রংপুর শহরে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানিনিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা না থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সড়ক, মাঠঘাটসহ সব জায়গায় পানি থাকায় স্থানীয় লোকজন দুর্ভোগ পোহাচ্ছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের ভেতর দিয়ে প্রবাহিত ১২ কিলোমিটার দীর্ঘ শ্যামাসুন্দরী খাল দিয়ে জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা সরানোর পরিকল্পনা দীর্ঘদিনেও বাস্তবায়ন করা হয়নি। ওই খাল দিয়েই শহরের সব নর্দমার পানি ঘাঘট নদে গিয়ে পড়ার কথা। এ কারণে শহরে নির্মাণ করা নালাগুলো দিয়ে বৃষ্টির পানি অন্যত্র সরানো যাচ্ছে না।গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বৃষ্টিতে শহরের পর্যটনপাড়া, ইসলামবাগ, হনুমানতলা, বালাপাড়া, রামপুরা, গণেশপুর, দক্ষিণ গুপ্তপাড়া, শালবন মিস্ত্রিপাড়া, পূর্ব শালবন, জলকর, নিউ জুম্মাপাড়া, নীলকণ্ঠ, কেরানীপাড়া, মুলাটোল, বাবু খাঁ, বনানীপাড়া, মেডিকেল পূর্ব গেটসহ পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সরেজমিনে হনুমানতলা এলাকায় গিয়ে দেখা যায়, মানুষের ঘরে পানি ঢুকেছে এবং আশপাশের নর্দমাও পানিতে ভরে গেছে। ওই এলাকার গৃহিণী আয়েশা আক্তার বলেন, বৃষ্টির পানিতে ছোট ছেলেমেয়ে নিয়ে বন্দিজীবন কাটাতে হয়। নীলকণ্ঠপাড়ার আকমল হোসেন বলেন, ‘এলাকায় নর্দমা নেই যে পানি সরবে। কিন্তু পৌরসভার পক্ষ থেকে শুধু উন্নয়নের কথা বলা হয়ে থাকে। এটা কোন ধরনের উন্নয়ন, তা বুঝতে পারছি না।’রংপুর পৌরসভার মেয়র এ কে এম আবদুর রউফ বলেন, গত কয়েক বছরে বাড়িঘর নির্মাণ হয়েছে অনেক বেশি। কিন্তু লোকজন বাড়িঘর নির্মাণ করলেও তাঁদের বাড়ির পানি সরে যাওয়ার জন্য ব্যবস্থা রাখেননি। এতে বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।