টানা বৃষ্টিতে সবজি উৎপাদনে বিপর্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত কয়েক দিনের টানা বৃষ্টিতে দক্ষিণ চলনবিলের (নাটোর, সিরাজগঞ্জ ও পাবনার কয়েকটি উপজেলা নিয়ে গঠিত) বিভিন্ন এলাকায় সবজিখেতের ব্যাপক ক্ষতি হয়েছে। খেতে জমে থাকা পানি নামতে শুরু করার পর গাছগুলো মরে যাচ্ছে। এতে উৎপাদনে বিপর্যয় নেমে এসেছে এবং বাজারে সবজির দাম কয়েক গুণ বেড়েছে। ৪০ টাকার কাঁচামরিচ কয়েক দিনের ব্যবধানে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ চলনবিলের গুরুদাসপুর, বড়াইগ্রাম ও নাটোর সদরের কিছু অংশ, সিরাজগঞ্জের তাড়াশ ও পাবনার চাটমোহর উপজেলার অপেক্ষাকৃত উঁচু এলাকায় ঢ্যাঁড়স, করলা, কাকরোল, ঝিঙা, পটোল, পেঁপে, শসাসহ বিভিন্ন সবজি চাষ করা হয়। গত সাত-আট দিনের টানা বৃষ্টিতে বাগানে পানি জমে যায় এবং বৃষ্টির ফোঁটা পড়ে গাছের পাতা ও কাণ্ড ক্ষতিগ্রস্ত হয়। এতে সবজির উৎপাদন কমতে থাকে। তা ছাড়া অনেক দিন এসব সবজির গোড়ায় পানি জমে থাকায় এখন মরতে শুরু করেছে। নাটোর জেলা কৃষি কার্যালয়ের হিসাব অনুযায়ী, দক্ষিণ চলনবিল এলাকায় সাড়ে ১৭ হাজার হেক্টর জমিতে সবজিজাতীয় ফসলের আবাদ হয়। এসব সবজি স্থানীয় চাহিদা মেটানোর পর দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়।আহম্মেদপুর বাজারের সবজি ব্যবসায়ী আ. রাজ্জাক বলেন, ‘গত দুই দিন আগেও বেগুন ১০-১২ টাকা দরে খুচরা বিক্রি করেছি। মরিচের পোয়া ১০ টাকায় বিক্রি করেছি। কিন্তু দুই দিনে দাম বাড়ায় এখন বেশি দামে কিনে বিক্রিও করতে হচ্ছে বেশি দামে।’ গুরুদাসপুরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি মরিচের দাম ১২০ টাকা, যা পাঁচ দিন আগে ছিল ৪০ টাকা কেজি এবং বেগুনের কেজি ১২ টাকা থেকে বেড়ে ৩০ টাকা হয়েছে। এ ছাড়া করলা প্রতি কেজি ৩০ টাকা, পটোল ২০, শসা ৩৫, পেঁপে ১০, পেঁয়াজ ৩৫, কচুর কেজি ২০ এবং মিষ্টি কুমড়া ২০ টাকা। নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নারায়ণচন্দ্র বসাক জানান, কয়েক দিনে বৃষ্টিতে সবজিখেতের ব্যাপক ক্ষতি হয়েছে বলে উপজেলা পর্যায় থেকে কর্মকর্তারা তাঁকে জানিয়েছেন। তবে মাঠপর্যায়ে গিয়ে পরিদর্শন না করে কী পরিমাণ জমির সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে তা বলা যাবে না।