টানা বৃষ্টিতে সাতক্ষীরা শহরে জলাবদ্ধতা, ভেসে গেছে ৬০০ ঘের ও পুকুর
টানা ১২ ঘণ্টার বৃষ্টিতে সাতক্ষীরা পৌর শহরের অধিকাংশ এলাকায় জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। অনেক এলাকায় ঘরে পানি ঢুকেছে। একই কারণে জেলার ছয়টি উপজেলার ছয় শতাধিক চিংড়িঘের ও পুকুরের মাছ ভেসে গেছে।সরেজমিনে শুক্রবার দুপুরে ঘুরে দেখা গেছে, বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে শহরের সবুজবাগ, রাধানগর মেহেদিবাগ, মধুমল্লারডাঙ্গী, পলাশপোল, রসুলপুর, মেঠপাড়া, লস্করপাড়া, সরকারপাড়া, ছুটিতলা, রাজারবাগান, সুলতানপুর, মুন্সিপাড়া, চালতেতলা, কুকরালিসহ শহরের অধিকাংশ এলাকায় হাঁটু সমান পানি জমে গেছে। শহরের মুনজিতপুর, মধুমল্লারডাঙ্গী, ইটেগাছা, জজ আদালতের পেছন ও কামাননগরের একাংশের মানুষ পানিবন্দী হয়ে ঘর থেকে বের হতে পারছে না। কামালনগর এলাকার রাবেয়া খাতুন ও আমেনা খাতুন জানায়, বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টির পানি সরে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। এ কারণে কামালনগর ও ইটেগাছা এলাকার অধিকাংশ বাড়িতে পানি ঢুকেছে। জেলা মৎস্য কর্মকর্তা আবদুল ওয়াদুদ জানান, বৃষ্টিতে জেলার আশাশুনি, তালা, সাতক্ষীরা সদর, কালীগঞ্জ ও শ্যামনগর উপজেলার অসংখ্য ঘের ও পুকুর ভেসে একাকার হয়ে গেছে। ছোট-বড় মিলে পাঁচ শতাধিক চিংড়িঘের ও শতাধিক পুকুরের মাছ ভেসে গেছে। তবে জরিপ না করে সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না।সাতক্ষীরার পৌর মেয়র আবদুল জলিল জানান, বৃষ্টির পানি নিষ্কাশন হতে না পারায় পৌর এলাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। প্রাণসায়ের খাল দিয়ে পানি সরানোর জন্য জরুরি ভিত্তিতে উদ্যোগ নেওয়া হয়েছে। পানি সরাতে ইতিমধ্যে কয়েকটি এলাকায় নর্দমা পরিষ্কার করা হয়েছে। কয়েকটি এলাকায় নতুন করে মাটি কেটে নালা করা হয়েছে।