টানা বৃষ্টিতে সিলেট নগরে জলাবদ্ধতা

সিলেট নগরের নয়টি এলাকার অন্তত ৫০টি মহল্লায় গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত টানা বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েন বিভিন্ন এলাকার মানুষ। নগরের কেন্দ্রস্থলের জিন্দাবাজার এলাকায় জলাবদ্ধতার কারণে উপচে পড়া পানি ঢুকেছে বিপণিবিতানগুলোতে।
গতকাল বুধবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, নগরের বন্দরবাজার, জিন্দাবাজার, বারুতখানা, হাওয়াপাড়া, নাইওরপুল, মির্জাজাঙ্গাল, মনিপুরি রাজবাড়ি, দরগাহ গেটসহ অধিকাংশ এলাকার প্রধান সড়কে পানিতে তলিয়ে গেছে। এ ছাড়া পূর্ব জিন্দাবাজার সড়কের বারুতখানা এলাকার বেশ কয়েকটি দোকান এবং জিন্দাবাজারের শুকরিয়া মার্কেট, আহমদ ম্যানশন, জালালাবাদ হাউস, ইদ্রিছ মার্কেট ও রাজা ম্যানশনের ভেতরেও পানি ঢুকে পড়ে। সুবিদবাজার, বনকলাপাড়া, হাউজিং এস্টেট, জালালাবাদ, লোহারপাড়া, বাগবাড়ি, চারাদীঘিরপাড়, রায়হোসেন, কলবাখানি, কুয়ারপাড়, কাজলশাহ, পাঠানটুলা, খোজারখলা, ভার্থখলা, মেনিখলা, বারখলা, পাঠানপাড়াসহ নগরীর প্রায় ৫০টি এলাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। বাসাবাড়িতে পানি ওঠার পাশাপাশি রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে স্কুলগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। কোথাও হাঁটুজল, আবার কোথাও কোমরপানি ভেঙে তাদের চলাচল করতে হচ্ছে।
অধিকাংশ রাস্তায় হাঁটুপানি জমে থাকায় রাস্তায় চলাচলে বাধাগ্রস্ত হয়েছে যানবাহন চলাচল। ধীরগতির কারণে অনেক সড়কে দুপুরের পর থেকে দীর্ঘ যানজটও দেখা দেয়।
নালায় বর্জ্য জমে জলাবদ্ধতা
রাস্তার পাশে নালায় বর্জ্য জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি জানান, তিনি বিভিন্ন এলাকা পরিদর্শনকালে সিটি করপোরেশনের কর্মচারীদের বিভিন্ন নালা দ্রুত পরিষ্কার করার নির্দেশ দিয়েছেন।
বিকেলে বৃষ্টি না হওয়ায় নগরের বিভিন্ন রাস্তা থেকে বৃষ্টির পানি নামতে শুরু করেছে। সন্ধ্যার দিকে পরিস্থিতির উন্নতি হতে থাকে। তবে নিচু এলাকায় জলাবদ্ধ রয়েছে।
নগরের দক্ষিণজুড়ে সুরমা নদী। এ নদীর সঙ্গে মিলিত হয়েছে নগর দিয়ে প্রবহমান নয়টি ছড়া। এগুলো বৃষ্টির পানি সরিয়ে দেওয়ার জন্য নালা হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু ছড়াগুলো দূষণে বিপন্ন হওয়ায় জলাবদ্ধতা পরিস্থিতি এবার প্রকট হয়েছে বলে মনে করছেন সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। মেয়র বলেন, তিনি জলাবদ্ধতা দূর করার জন্য শিগগিরই ইলেকট্রিক সাপ্লাই, আম্বরখানা, বড় বাজার, দরগাহ গেট, আলিয়া মাদ্রাসা মাঠ, দাঁড়িয়াপাড়া, হাওয়াপাড়া, বারুতখানা এলাকায় ছড়া উদ্ধার কার্যক্রম শুরু করবেন।