টানা বৃষ্টির পর জমে উঠেছে বরিশালের ঈদবাজার
গত পাঁচ দিনে বৃষ্টি কম হওয়ায় জমজমাট হয়ে উঠেছে বরিশালের ঈদবাজার। গত সপ্তাহে টানা চার দিন বৃষ্টির কারণে বাজারে বেচাকেনা কমে যায়। ঈদ উপলক্ষে নগরের সব বিপণিবিতান সাজানো হয়েছে আকর্ষণীয় সাজে। এবার ক্রেতাদের পছন্দের তালিকায় আছে কিরণমালা, পিকে, ফ্লোর টাচ, থ্রিপিস, শাড়ি ও পাঞ্জাবি।
সরেজমিনে দেখা গেছে, নগরের চকবাজার, বাজার রোড, গির্জা মহল্লা, কাঠপট্টি, সদর রোড, নতুন বাজার, ফকিরবাড়ি রোড, বাংলাবাজার, ফজলুল হক অ্যাভিনিউ, হাসপাতাল রোড, বগুড়া রোড, রূপাতলী, নথুল্লাবাদ এলাকার মার্কেটসহ সব বিপণিবিতানে ক্রেতাদের উপচে পড়া ভিড়। ক্রেতাদের আকৃষ্ট করতে মাইক দিয়ে চলছে প্রচারণা।
ক্রেতা টানতে বরিশালের সব বিপণিবিতানে ভারতীয় বিভিন্ন ছবি ও সিরিয়ালের নামের সঙ্গে মিল রেখে পোশাকের নাম রাখা হয়েছে। বিক্রির তালিকায় এগিয়ে আছে কিরণমালা। এরপর আছে পিকে, ফিশ কাটিং, ফ্লোর টাচ, স্বপ্নপুরী, নীলপরি ও মৎস্যকন্যা। আর ছেলেদের টি-শার্ট, প্যান্ট, পাঞ্জাবি ও ফতুয়া বিক্রি হচ্ছে বেশি।
ছোটদের থ্রিপিস এক হাজার টাকা থেকে আট হাজার এবং বড়দের তিন হাজার থেকে ৩৫ হাজার টাকা দামে বিক্রি হচ্ছে। একইভাবে ছেলেদের শার্ট সর্বনিম্ন ৯৫০ টাকা থেকে শুরু করে চার হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। টি-শার্ট ৪১০ টাকা থেকে ২ হাজার ৫৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। মেয়েদের সাধারণ থ্রিপিস, নকশি ও বিভিন্ন সুতি কাপড়ের পোশাকেরও চাহিদাও রয়েছে বেশ।
ঈদ উপলক্ষে শাড়ির চাহিদাও বেড়ে গেছে। বিপণিবিতানগুলোতে জামদানি, বালুচুড়ি, মসলিন, দেশি টাঙ্গাইল, হাফসিল্ক, স্প্রে প্রিন্ট ও তাঁত প্রিন্টই বেশি চলছে।
নগরের হেমায়েত উদ্দিন সড়কের একটি বিপণিবিতান থেকে চার হাজার টাকা দিয়ে লং কামিজ কিনেছেন ফারজানা আক্তার। তিনি বলেন, দাম বেশি হলেও এবারের ঈদে ব্যতিক্রমী নকশার পোশাক পাওয়া যাচ্ছে।
ফকিরবাড়ি রোডের স্পার্ক ফ্যাশনের বিক্রেতা সাদ্দাম হোসেন বলেন, বৃষ্টির কারণে এর আগে একটু সমস্যা হলেও এখন বিক্রি ভালো। হেমায়েত উদ্দিন সড়কের নেক্সট পাসের মালিক রতন চৌধুরী বলেন, তৈরির খরচ বেড়ে যাওয়ায় সব পোশাকের দামই বেশি। চন্দ্রবিন্দুর বিক্রেতা মারুফ হোসেন বলেন, পাখি এবং লং ক্লথ পোশাক বেশি বিক্রি হচ্ছে। ছেলেদের শার্ট-প্যান্ট, টি-শার্ট বিক্রি হচ্ছে ৫৫০ টাকা থেকে এক হাজার ৫০০ টাকায়।