টানা বৃষ্টির পর মহাসেন নষ্ট হচ্ছে হাওরের পাকা ধান
টানা বৃষ্টির কারণে পাকা ধান নিয়ে বিপাকে পড়েছেন কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকেরা। এর ওপর ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে দুই দিন ধরে প্রবল বর্ষণে ভিজে নষ্ট হচ্ছে কেটে আনা ধান। সংরক্ষণ করতে না পারায় অধিকাংশ খলায় (ধান মাড়ানো ও শুকানোর জন্য বিস্তৃত স্থান) পাকা ধানে চারা গাছ গজিয়েছে। বিভিন্ন স্থানের কৃষক, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রবল বর্ষণের কারণে কেটে আনা ধান নিয়ে বেকায়দায় পড়েছেন জেলার ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম, নিকলী, তাড়াইল, বাজিতপুর ও করিমগঞ্জের হাওরাঞ্চলের কৃষকেরা। ইটনার বরিবাড়ি, ধনপুর, কাইটউর ও মৃগা এলাকার বড় খলাগুলোতে শত শত মণ ধান স্তূপ করে রাখা হয়েছে। প্রবল বর্ষণের কারণে ধান মাড়াই করে সংরক্ষণ করা যাচ্ছে না। রোদের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছেন কৃষকেরা।মিঠামইনের ঘাগড়া, কেওয়ারজোর, ঢাকি, চারিগ্রাম, চানপুর, ওরিয়ন ও কাঞ্চনপুর এলাকার খলাগুলোর ধান বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গেছে। মোফাজ্জল মিয়াসহ কাঞ্চনপুর গ্রামের একাধিক কৃষক বলেন, চারা গজিয়ে অধিকাংশ ধান নষ্ট হয়ে যাচ্ছে। এসব ধান থেকে চাল বের করলে ৮০ শতাংশ ধান ভেঙে দুর্গন্ধ ছড়াবে, যা খাওয়ার অনুপযুক্ত হয়ে পড়বে। কেওয়ারজোর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আফতাব উদ্দিন ভূঞা জানান, ৩ মে শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় ধানের গাছ নেতিয়ে পড়ে। এর পর থেকে প্রায় প্রতিদিনই কম-বেশি বৃষ্টি হওয়ায় ধান খলা থেকে গোলায় তোলা যায়নি। এভাবে গোটা হাওরে কয়েক হাজার একর বোরো জমির ধান বিনষ্ট হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক নির্মল কুমার সাহা জানান, প্রকৃতির ওপর কারও হাত নেই। বৈশাখের শুরুতে বৃষ্টি হয়। এরপর মহাসেনের কারণে দুই দিন ধরে প্রবল বর্ষণে খলা থেকে ধান সংরক্ষণ বন্ধ রয়েছে। এভাবে কয়েক দিন গেলে কৃষকেরা চরম ক্ষতিগ্রস্ত হবে।