টানা শৈত্যপ্রবাহে পুকুরের মাছও মরে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা শৈত্যপ্রবাহে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন পুকুরের মাছ মরে যাচ্ছে। এতে চাষিরা দুশ্চিন্তায় পড়েছেন।উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলায় ৪৫৩টি পুকুর সরকারিভাবে ইজারা দেওয়া হয়েছে। এ ছাড়া প্রায় সাড়ে ৯০০ রয়েছে ব্যক্তিমালিকানায়। এসব পুকুরে বিভিন্ন প্রজাতির পোনা ও বড় মাছ চাষ করা হয়। শৈত্যপ্রবাহে পোনা মাছ বেশি মরছে। এর মধ্যে পাঙাশ জাতের মাছ বেশি। গতকাল বৃহস্পতিবার উপজেলার তালোড়ার বাঁশোপাতা, দোগাছি গ্রামে গিয়ে দেখা যায়, পুকুরগুলোতে চাষ করা পোনা মাছ মরে ভেসে উঠেছে। তালোড়ার দোগাছী গ্রামের মৎস্য চাষি সাদিকুল ইসলাম জানান, তাঁর চার-পাঁচটি পুকুরের ১০-১২ হাজার টাকার মাছ মারা গেছে। উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহমেদ বলেন, বেশির ভাগ চাষি পুকুরের আয়তন অনুপাতের চেয়ে বেশি মাছ ছাড়েন। এবার তাপমাত্রা কমে যাওয়ায় কোল্ড ইনজুরির কারণেই মাছ মরে যাচ্ছে। ভূগর্ভস্থ পানি পুকুরে প্রয়োগ ও পরিমাণমতো পটাশ দিলে এ ধরনের ঘটনা কমে যাবে ।