টানা ষষ্ঠবার কুমিল্লা সিটি করপোরেশনের ৯ নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে জয়ী হয়েছেন জমির উদ্দিন খান জম্পী। প্রতিদ্বন্দ্বী প্রার্থী থেকে দ্বিগুণের বেশি ভোট পেয়ে তিনি জয়লাভ করেন। গত বৃহস্পতিবার ওই নির্বাচন অনুষ্ঠিত হয়।
জানা যায়, ১৯৮৫ সালে জমির উদ্দিন খানের চাচা আবদুর রশিদ মারা যান। এরপর তিনি ওই ওয়ার্ডের উপনির্বাচনে কাউন্সিলর পদে জয়ী হন। এরপর টানা ১৯৮৯, ১৯৯৩, ২০০০, ২০১২ ও গত ৩০ মার্চের নির্বাচনে জয়ী হন। জমির উদ্দিন খান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তবে দলে তাঁর কোনো পদ নেই। তিনি কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ আ ক ম বাহাউদ্দিনের অনুসারী।
অনুভূতি ব্যক্ত করে জমির উদ্দিন খান বলেন, ‘আমার চাচা এ ওয়ার্ডের ৩৩ বছরের কাউন্সিলর ছিলেন। আমি তাঁর অনুসারী হিসেবে ৩২ বছর পার করেছি। সামনে পাঁচ বছরের মেয়াদ রয়েছে। এবারই আমার শেষ নির্বাচন। ভবিষ্যতে আর নির্বাচন করব না। এলাকাবাসীর খেদমত করে বাকি সময় পার করে দেব। আমি ভোটারদের কাছে কৃতজ্ঞ।’
নির্বাচনে জমির উদ্দিন খান তাঁর প্রতিদ্বন্দ্বী ঘুড়ি প্রতীকের মিজানুর রহমানকে ৮৬৪ ভোটের ব্যবধানে পরাজিত করেন। নির্বাচনে লাটিম প্রতীক নিয়ে জমির উদ্দিন খান পেয়েছেন ১ হাজার ৫৪২ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান পেয়েছেন ৬৭৮ ভোট।