টানা সপ্তমবারের মতো দেশসেরা লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয়
৪৪তম শীতকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় সেরা সাফল্য অর্জন করেছে নড়াইলের লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয়। এ নিয়ে টানা সাতবার জাতীয় পর্যায়ে সর্বোচ্চসংখ্যক পুরস্কার পাওয়ার সাফল্য অর্জন করল বিদ্যালয়টি।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) খুলনা বিভাগীয় উপপরিচালক টি এম জাকির হোসেন জানান, মাউশির তত্ত্বাবধানে বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির আয়োজনে ১১ জানুয়ারি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ময়মনসিংহ স্টেডিয়ামে এই ক্রীড়া আসরের উদ্বোধন করেন। মাধ্যমিক পর্যায়ের সবচেয়ে বড় এ প্রতিযোগিতা চলে ১৬ জানুয়ারি পর্যন্ত। প্রতিযোগিতায় বালক ও বালিকা বিভাগে দৌড়, রিলে দৌড়, দীর্ঘ ও উচ্চ লাফ এবং গোলক, বর্শা, চাকতি নিক্ষেপসহ মোট ৩৫টি ইভেন্ট ছিল। ১০৫টি পুরস্কারের মধ্যে লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয় পেয়েছে ২৩টি। এর মধ্যে রয়েছে ১৩টি স্বর্ণ, ছয়টি রৌপ্য ও চারটি ব্রোঞ্জ।
লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয়ের পদক বিজয়ীরা হলো ঈশান হোসেন, বৃষ্টি কর্মকার, হাসিবুল্লাহ, নিশান মোল্লা, তন্ময় বৌদ্য, নমিতা কর্মকার, সাদিয়া খানম, রিতু খানম ও বিজয় মল্লিক। গতকাল শুক্রবার সকালে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ধর্মমন্ত্রী মতিউর রহমান, মাউশির পরিচালক মো. ইলিয়াস হোসেন, খুলনা বিভাগীয় উপপরিচালক টি এম জাকির হোসেন, ময়মনসিংহের পুলিশ সুপার মইনুল হক প্রমুখ।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০০৯ সাল থেকে প্রতিবছর এই প্রতিযোগিতায় দেশসেরা হয়েছে বিদ্যালয়টি। ২০১৪ সালে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা আটটি স্বর্ণসহ ১৬টি পদক পায়, ২০১৩ সালে ১০টি স্বর্ণসহ ২৬টি ও ২০১২ সালে ১৪টি স্বর্ণসহ ২৬টি পদক পায়। ২০১১ সালে পেয়েছে ৩৪টি, যার ১৭টি ছিল স্বর্ণ; ২০১০ সালে ২৫টির মধ্যে ১৩টি স্বর্ণ ও ২০০৯ সালে ৩৯টি পদক পায়, যার ১৯টি স্বর্ণ।
লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় কুমার দাস বলেন, খণ্ডকালীন ক্রীড়া শিক্ষক দিলীপ চক্রবর্তীর প্রশিক্ষণের কারণেই এই ধারাবাহিক সাফল্য অর্জন সম্ভব হয়েছে। এ বছর ব্যক্তিগত পর্যায়ে জাতীয় চ্যাম্পিয়ন হওয়া ষষ্ঠ শ্রেণির ছাত্রী বৃষ্টি কর্মকার ও অষ্টম শ্রেণির ছাত্র ঈশান হোসেন জানায়, এ অর্জন সম্ভব হয়েছে দিলীপ স্যারের জন্য।
জানতে চাইলে দিলীপ চক্রবর্তী বলেন, ‘নিয়মিত মনোযোগ দিয়ে অনুশীলন করলেই সফল হওয়া সম্ভব। খেলাধুলা নিয়ে এই বিদ্যালয়ের ছেলেমেয়েদের সঙ্গে আছি। এটা আমার নেশায় পরিণত হয়েছে।’