টানা হরতালে ট্রাক শ্রমিকদের দুর্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর ডাকা টানা হরতালের কারণে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মিনিট্রাকের শ্রমিকদেধর দুর্দিন যাচ্ছে। আয়রোজগার না থাকায় তাঁরা পড়েছেন বিপাকে।
গত বুধবার দুপুরে দুপচাঁচিয়া থানা বাসস্ট্যান্ড এলাকায় মিনিট্রাক শ্রমিক কার্যালয়ের সামনে শ্রমিক মামুন বলেন, ‘যেই দিন ট্রাকত কাম করি, সেই দিন দুই বেলা ছোল পোলক লিয়্যা খাবার জোটে। এমনিতে মাসে দুই-তিনবার ট্রাক মেরামতের জন্যি গ্যারেজত কাজ কর‌্যা লাগে। আবার এর মধ্যে হরতালের জন্যি গাড়ি রাস্তাত নামান যায় না। এমনিতে রোজার মাসে ভাড়া কম, সারা দিন ট্রাকত খ্যাটা যে টাকা কামায় করি, তার মধ্যে থ্যাকা প্রতি সপ্তাহের কিস্তির ট্যাকা জমান লাগে। এলা হরতাল মানে হামাকেরে মতো মানুষের পেটত লাত্তি মারা।’
শ্রমিক কার্যালয় সূত্রে জানা যায়, দুপচাঁচিয়া উপজেলা মিনিট্রাক সমবায় সমিতির অধীনে দুই শতাধিক মিনিট্রাক চলাচল করে। প্রতিটি মিনিট্রাকে চালক ও তাঁর সহকারীসহ (হেলপার) পাঁচজন শ্রমিক কাজ করেন। এই সমিতির অধীনে এসব মিনিট্রাকে এক হাজারের বেশি শ্রমিক কাজ করেন। হরতালের দিন ভাঙচুরের ভয়ে কোনো মিনিট্রাক চলাচল করে না। মার্চ মাসেই হরতালের আগের দিনে মিছিলকারীদের হামলায় সাত-আটটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আগুন দেওয়ায় পুড়ে গেছে দুটি ট্রাক।
ক্ষতিগ্রস্ত মিনিট্রাকের মালিক শাহজাহান আলী জানান, গত ৩ মার্চ হরতালের আগের দিন সন্ধ্যায় তাঁর মিনিট্রাকটি বগুড়া থেকে খড় নিয়ে আসার পথে এরুলিয়ায় মিছিলকারীরা আগুন লাগিয়ে দেয়। চালক সঙ্গে সঙ্গে রাস্তার পাশে খাদের পানিতে নামিয়ে দেন। এতে ট্রাকটির বেশ ক্ষতি হয়েছে।
মিনিট্রাকের চালক জাহেদুল ইসলাম খান বলেন, ‘আমরা হরতালের আগের দিন বেলা থাকতেই ট্রাক গ্যারেজে রাখি। গত চার দিনের হরতালে আমাদের মতো শ্রমিকদের বড় ধরনের ক্ষতি হয়েছে।’
উপজেলা মিনিট্রাক সমবায় সমিতির সভাপতি লিটন মিস্ত্রি বলেন, ‘আমার শ্রমিকেরা কৃষকের চেয়েও অভাবী। কোনো শ্রমিকের চাষাবাদের এক শতক জমিজমা নেই। এরা প্রতিদিন যা কামাই করে, তার সবই খরচ করে। এক দিন ট্রাক বন্ধ থাকলে ধারদেনা করে তাদের চলতে হয়।’