টানা ১৩ বছর কর্মস্থলে না থেকেও চাকরি বহাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর উপস্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা রেহানা ইয়াসমিন ১৯৯৯ সালের ১ এপ্রিল থেকে টানা ১৩ বছর পাঁচ মাস ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। নিয়মানুসারে, একাধারে পাঁচ বছর অনুপস্থিতির পর বিনা নোটিশেই তাঁর চাকরি যাওয়ার কথা। অথচ রেহানার চাকরি আজও বহাল রয়েছে। রেহানার মতো জেলার আরও আটজন চিকিৎসা কর্মকর্তার দীর্ঘদিন ধরে কোনো হদিস নেই। তাঁদের মধ্যে কেউ কেউ টানা ১২ বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত। তার পরও তাঁদের চাকরি বহাল রয়েছে।হবিগঞ্জ সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, জেলার আটটি উপজেলায় চিকিৎসা কর্মকর্তার পদ ১৮৮টি। তার মধ্যে ৭২টি পদ বর্তমানে শূন্য রয়েছে। কর্মরত ১১৬ জন চিকিৎসা কর্মকর্তার মধ্যে দীর্ঘদিন ধরে অনুপস্থিত রয়েছেন নয়জন। রেহানা ছাড়াও মাধবপুর উপজেলার ছাতিয়াইন উপস্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা মো. আলী আযম ২০০৩ সালের ১ অক্টোবর থেকে, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. মাহবুবুর রহমান ২০০৫ সালের ২ জুলাই থেকে, একই কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা রোজিনা বেগম ২০০৫ সালের ৩ জুলাই থেকে, হবিগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অরুণাভ ভট্টাচার্য ২০০৭ সালের ১ আগস্ট থেকে, হবিগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা রতিশ চন্দ্র দাশ ২০০৯ সালের ৫ অক্টোবর থেকে, চুনারুঘাটের রানীগাঁও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক মঞ্জুরুল আহমেদ ২০১০ সালের ১৫ জুলাই থেকে, আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও উপস্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক মো. মনিরুজ্জামান খান একই সালের ১৭ অক্টোবর থেকে এবং বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা লতিফা জাহান ২০১১ সালের ৮ নভেম্বর থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। কর্মস্থলে যোগদানের জন্য জেলা স্বাস্থ্য বিভাগ থেকে তাঁদের একাধিকবার চিঠি দেওয়া হলেও কেউই সেই চিঠির জবাব দেননি। জেলা স্বাস্থ্য বিভাগের একটি সূত্র জানায়, এই নয় চিকিৎসকের কেউই বর্তমানে দেশে নেই। প্রত্যেকই নানা সুযোগ-সুবিধা গ্রহণ করে বিদেশে পাড়ি জমিয়েছেন। সূত্রটি আরও জানায়, নীতিমালা অনুযায়ী, কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী একাধারে পাঁচ বছর তাঁর কর্মস্থলে অনুপস্থিত থাকলে শৃঙ্খলা ভঙ্গ বিধিতে বিনা নোটিশেই চাকরি চলে যাওয়ার কথা। তবে রহস্যজনক কারণে ওই নয়জনের চাকরি যায়নি।সিভিল সার্জন সফিকুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকা ওই নয়জনের বিষয়ে তাঁরা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালককে চিঠির মাধ্যমে জানিয়েছেন। সেখান থেকে কোনো সিদ্ধান্ত না আসায় স্থানীয়ভাবে কিছু করা যাচ্ছে না।